চুমু বিতর্কে সোনাক্ষী যা বললেন

চুমুর দৃশ্য চলবে, তবে ১০ সেকেন্ডের বেশি নয়। ভারতের সেন্সর বোর্ড এমনই নিয়ম করেছে। বন্ড সিরিজের সর্বশেষ ছবির চুমুর দৃশ্য কেটেছেঁটে ছোট করার পর থেকেই বলিউডে এ নিয়ে চলছে বেশ শোরগোল। সেই বিতর্কে শামিল হলেন সোনাক্ষী সিনহাও।
সেন্সর বোর্ডপ্রধান পহলাজ নিহালানি অভিনয়শিল্পীদের লাজ-শরমের পরিমাণ বাড়ানোর সদুপদেশ দিয়েছেন বটে, কিন্তু তিনি নিজেই পড়ে গেছেন উল্টো গাড্ডায়। প্রযোজক হিসেবে গোটা বিশেক ছবি বানানো নিহালানির ছবিগুলোর বেশ কিছু দৃশ্য ধরে ধরে প্রমাণ করে দেওয়া হয়েছে, প্রেমময় চুমুর দৃশ্যে যাঁর এত আপত্তি, সেই তিনিই এমন সব ছবি বানিয়েছেন, যেখানে নাচের নামে, ভালোবাসার নামে দৃশ্যগুলো উপস্থাপন করা হয়েছে স্থূলভাবে। যে চুমু নিয়ে এত আপত্তি, নিহালানি সেই আশির দশকে আগ কা গোলায় সুইমিংপুলে সানি দেওল আর অর্চনা পুরানকে দুই জোড়া ঠোঁটের ঐক্যজোট দেখিয়েছেন পরিষ্কারভাবেই।
এদিকেই ইঙ্গিত করে সোনাক্ষী বলছেন, ‘যিনি আজ এত শিক্ষা দিতে চাইছেন, তাঁর নিজেরই পেছন ফিরে অতীতের ছবিগুলো দেখা উচিত, তিনি নিজে কী বানিয়েছেন আর কী দেখিয়েছেন।’ সোনাক্ষীর বক্তব্য, সামাজিক মূল্যবোধ এত ঠুনকো নয়, ৩০ সেকেন্ডের চুমু দেখালেই তা ভেঙে যাবে, ১০ সেকেন্ডে দেখালে যাবে না।
বিতর্ক জমেছে ভালোই। দেখা যাক কী হয়! ডিএনএ।