ছবি কথা বলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাশার শুটিংয়ের অবসরে রণবীর-দীপিকা
তামাশার শুটিংয়ের অবসরে রণবীর-দীপিকা

ছবি কথা বলে! ছবিতে থাকা মুহূর্তটিই বলে দেয় তা সুখের না দুঃখের; প্রেমের না অপ্রেমের। বলিউডের সাম্প্রতিক ছবি ‘তামাশা’য় জুটি বেধেছেন রণবীর কাপুর আর দীপিকা পাডুকোণ। ফ্রান্সের কর্সিকা দ্বীপে এ ছবির শুটিং হয়েছে। শুটিংয়ের অবসর মুহূর্তগুলোতে তোলা এ দুজনের হাস্যোজ্জ্বল ছবিগুলো নিয়ে বলিউডে চলছে জোর আলোচনা। তবে কী আবারও হাওয়া ঘুরে গেছে? আবারও দুজনে দুজনার কাছে ফিরে আসছেন রণবীর কাপুর ও দীপিকা পাডুকোণ!

দীপিকা যেন রণবীরকে বলছেন—ওই যে নীল আকাশ আর সামনে সমুদ্র...
দীপিকা যেন রণবীরকে বলছেন—ওই যে নীল আকাশ আর সামনে সমুদ্র...


টুইটারে ‘তামাশাঅফিসিয়াল’ (Tamasha ‏@TamashaOfficial) রণবীর-দীপিকার যে ছবিগুলো পোস্ট করেছে, সেই ছবিগুলোতে তাঁদের ঘনিষ্ঠতা, আন্তরিকতা আর বন্ধুত্বের আবেগ স্পষ্ট ফুটে উঠেছে। 

শুধুই কী বন্ধুত্ব! তাও ঠিক কথা। রং-তামাশার বলিউডে হাওয়া ঘুরতে সময় নেয় না। বছর কয়েক আগেও রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাডুকোণের প্রেমের বিষয়টি মুখে মুখে ঘুরত। সে সময় ভাবাই যায়নি এ সম্পর্ক চুকেবুকে দুজন দুদিকে ছিটকে যাবেন। অবশ্য রণবীর-দীপিকার সম্পর্ক ভাঙার পর রণবীর কাপুর যেমন ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক গড়েন; তেমনি দীপিকারও প্রেম হয় ‘বাজীরাও মাস্তানি’ রণবীর সিংয়ের সঙ্গে। এরপরও কিন্তু বলিউডের সংবাদমাধ্যমগুলো দীপিকা-রণবীর কাপুরের বন্ধুত্ব এবং দীপিকার প্রতি ক্যাটরিনার বাঁকা চোখে তাকানোর বিষয়টি নিয়ে বারবারই খবর ছেপেছে।

কর্সিকায় দীপিকার সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন রণবীর
কর্সিকায় দীপিকার সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন রণবীর


অবশ্য, এটাও ঠিক ‘তামাশা’ ছবি​টি যে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোণের সাম্প্রতিক জীবনে খানিক স্ফূর্তি যোগ করেছে তা বলাই বাহুল্য। ফ্লপ ‘বোম্বে ভেলভেট’ নিয়ে নাস্তানাবুদ রণবীর যেন খাবি খাচ্ছিলেন খানিকটা শুদ্ধ বাতাস আর মুক্ত আকাশের জন্য। আর এদিকে ‘পিকু’ ছবির মেয়েটি সেজে দীপিকাও জেরবার হয়েছেন বৃদ্ধ বাবার নানা বাতিক আর হুকুম তামিলের ঊর্ধ্বশ্বাস ব্যস্ততায়। তাই, ‘তামাশা’র নির্মাতা ইমতিয়াজ আলী ছবির শুটিংয়ের অজুহাতে যেন এ দুজনকে অবকাশ যাপনের নির্ভার এক আনন্দের সুযোগ করে​ দিয়েছিলেন। রণবীর-দীপিকা সে সুযোগের পূর্ণ সদ্ব্যবহারই করেছেন। আর এই ছবিগুলো দেখে আপনাদের কী মনে হয় না যে, প্রেম না হয় নাইবা ঘটল! দুজন চেনা মানুষ; কাছের মানুষ হাত ধরে অবারিত সমুদ্র, নীল আকাশ আর অসাধারণ এক নিসর্গের মাঝে বাধাহীন নির্ভার জীবনের আনন্দে ভেসে চলেছেন!