ছবি বাছাইয়ে সতর্কতা

যে কোনো ছবিতে কাজের জন্য ডাকলেই রাজি হবেন না রাভিনা ট্যান্ডন। ছবি বাছাইয়ে সতর্ক থাকার নীতি গ্রহণ করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রী। তিনি এমন কাজ করতে চান, যা তাঁর হৃদয় ছুঁয়ে যায়।
টানা দুই বছর বিরতির পর গত বছর ‘বোম্বে ভেলভেট’ ছবিতে অভিনয় করেছিলেন রাভিনা। সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গেই একজন শিল্পীকে বেড়ে উঠতে হয়। সময়ের আগে সেই সময়ের উপযুক্ত ভূমিকায় অভিনয় করা সম্ভব নয়। তাই উপযুক্ত সময় আসার আগ পর্যন্ত পরিণত হওয়ার অপেক্ষায় থাকতে হয়।
এই অভিনেত্রী বলেছেন, ‘করার জন্য যেকোনো একটা ছবি হলেই চলবে না আমার। সাবলীলভাবে, মর্যাদা এবং সম্মান নিয়ে কাজ করা যায়, এমন কাজ করতে চাই। যেকোনো ধরনের ছবিতে কাজের জন্য প্রস্তুত আছি, তবে পছন্দের ছবি বেছে নেওয়ার ক্ষেত্রে আমি কখনো ছাড় দিই না। সব সময় চেষ্টা করি এমন কোনো ছবিতে কাজ করতে, যার কাহিনি আমার হৃদয় ছুঁয়ে যায়’।
রাভিনাকে শিগগির দেখা যাবে ‘শাব’ ছবিতে। ত্রিভুজ প্রেমের এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী অর্পিতা এবং আশিস বিসিতের। ইন্ডিয়ান এক্সপ্রেস