ছবি মুক্তির তারিখ পেছালেন রবার্ট ডাউনি জুনিয়র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ডাউনি জুনিয়র
রবার্ট ডাউনি জুনিয়র

একই দিনে দুটি ছবি মুক্তির দরজায় দাঁড়ালে একটু মুশকিলেই তো পড়ে যান ছবির মালিকেরা। এ রকম বক্স অফিস ক্ল্যাশ সিনে দুনিয়ার পুরোনো খবর। বলিউডে হরহামেশাই এ ঘটনা ঘটছে। এই তো কিছুদিন আগে শাহরুখ খানের রইস ছবিটির সঙ্গে হৃতিক রোশনের কাবিল-এর মুক্তি নিয়ে সরগরম ছিল বলিউড।
হলিউডেও ছবি মুক্তি নিয়ে এ রকম সমস্যা ঘটে। একই দিনে দুটি ছবি মুক্তির কাতারে দাঁড়িয়ে গেলে একটির মুক্তির তারিখ পিছিয়েও যায় কখনো। সে রকমই একটি ঘটনায় রবার্ট ডাউনি জুনিয়র তাঁর ছবির তারিখ পিছিয়ে দিলেন। তাঁর অভিনীত ছবি ডক্টর ডুলিটল মুক্তি দেওয়ার তারিখ ছিল ২০১৯ সালের ২৪ মে। এবার তারিখ পরিবর্তন করে মুক্তি দেওয়া হবে ওই বছরের ১২ এপ্রিল। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সেল তাদের ছবিটি মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে। কারণ ডিজনি এবং লুকাস ফিল্ম প্রযোজিত স্টার ওয়ার্স সিরিজের নবম এপিসোড মুক্তির তারিখ ওই দিনেই ঠিক হয়েছে।
ডুলিটল ১৯২০ সালে হিউ লফটিং–এর লেখা শিশুতোষ সিরিজ বই। সিরিজটির গল্প মজার একজন ডাক্তারকে নিয়ে; যাঁর নাম জন ডুলিটল। ১৯৬৭ সালে প্রথম এই সিরিজ নিয়ে সিনেমা তৈরি হয়। যেখানে মূল চরিত্রে অভিনয় করেন র্যাক্স হ্যারিসন। ছবিটি ছিল সংগীতময়। এরপর ১৯৯৮ সালে আরেকটি ছবি তৈরি হয়। সেখানে অভিনয় করেন এডি মারফি। আর নতুন এই ছবিতে অভিনয় করছেন রবার্ট ডাউনি জুনিয়র। পরিচালনা করছেন স্টিফেন গ্যাঘান। সূত্র: হলিউড রিপোর্টার।