ছবি সফলের 'মন্ত্র' জানেন ঐশ্বরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

কোন ছবি বক্স অফিসে হিট বা সফল হবে সে বিষয়টি নাকি আগেভাগেই বলে দিতে পারেন বলিউডের তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। অবশ্য ঐশ্বরিয়া বলে কথা! তিনি এমন পারতেও পারেন। সম্প্রতি ‘জজবা’ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই জানিয়েছেন, যদি কোনো ছবির জন্য সুষ্ঠু পরিকল্পনা থাকে সে ছবি কখনোই ফ্লপ করবে না।
বলিউডের ছবি এবং ছবির সাফল্য প্রসঙ্গে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন জানিয়েছেন, এই সময়টা ছবি বানানোর এবং ছবির ব্যবসার জন্য খুব ‘ভালো সময়’। তাঁর ধারণা, ছবির ব্যবসা এখন নিরাপত্তা খুঁজে পেয়েছে। সবকিছু মিলিয়ে তাঁর মনে হয়েছে, চলচ্চিত্র শিল্পে এখন আর কোনো ছবি ফ্লপ হওয়ার অবকাশ নেই। তিনি এও জানান, যারা ছবি বানানোর জন্য বিনিয়োগ করছেন তাঁরা সেই বিনিয়োগের বিপরীতে মুনাফার টাকা ঘরে তুলতে পারছেন।
অমিতাভ বচ্চনের পুত্রবধূ সাবেক এই বিশ্ব সুন্দরী তাঁর বলিউডের ক্যারিয়ারে বহু জনপ্রিয় ছবিতেই অভিনয় করেছেন। একটা সময়ে ঐশ্বরিয়ার ছবি মানেই তুমুল ব্যবসাসফল ছবি—এমন ধারণা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল।
বলিউডের ছবির ব্যবসা সম্পর্কে ঐশ্বরিয়া এও বলেন, ‘আগে তিনি দেখেছেন কোনো ছবি সাফল্য পেয়েছে এমন কথা বাজারে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরও সে ছবির নির্মাতা বা প্রযোজকের ঘনিষ্ঠ বন্ধু বলছেন, ছবিতে বিনিয়োগ করা টাকা তুলতে নাকি আরও বছর দু-এক লেগে যাবে। তিনি বলেন, ছবির ক্ষেত্রে আগেই ধারণা করা বা আগাম দেখতে পাওয়ার মতো দুরদৃষ্টি থাকাটা খুব জরুরি বিষয়।

ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন


কৃষ্ণরাজ এবং বৃন্দা রাইয়ের সন্তান ঐশ্বরিয়া রাই জন্মেছিলেন ১৯৭৩ সালে। সাবেক এই বিশ্বসুন্দরী শুরুতে মডেল হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু করলেও এরপর আসেন অভিনয়ের জগতে। ঐশ্বরিয়া রাই অভিনীত ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’ ‘ধুম টু’সহ আরও বহু ছবিই ব্লকবাস্টার ছবি হিসেবে বিবেচিত।
২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর বিয়ে হয়। ২০১০ সালে ‘গুজারিশ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘হিরোইন’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে দিনকয়েক শুটিংও করেছিলেন। অবশ্য, এর ঠিক পরেই বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন সবাইকে জানিয়ে দিয়েছিলেন যে, তাঁর পুত্রবধূ ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা।
২০১১ সালের ১৬ নভেম্বর মেয়ে আরাধ্য বচ্চনের জন্ম দেন ঐশ্বরিয়া। মা হওয়ার পর থেকে বেশ দীর্ঘ সময় সন্তানকে সময় দেওয়া কারণেই বড় পর্দায় অভিনয় থেকে বিরত ছিলেন ঐশ্বরিয়া।
৯ অক্টোবর শুক্রবার সিনেমাহল মুক্তি পাচ্ছে ‘জজবা’ ছবিটি। এ ছবিটি দিয়েই দীর্ঘদিন পর বলিউডে ফিরছেন ঐশ্বরিয়া। বলিউডের সাম্প্রতিক ছবির বাস্তবতা, ছবির ব্যবসা ও এর বক্স অফিস সাফল্য নিয়ে ঐশ্বরিয়ার বক্তব্য হয়তো ‘জজবা’ ছবিটির সাফল্য আগাম নিশ্চিত করার বিশেষ ‘মন্ত্র’ও হতে পারে।