ছবির আপডেট নেই, অভিমানে প্রভাসভক্তের সুইসাইড নোট
প্রভাসের এক পাঁড় ভক্ত একটি অদ্ভুত কাজ করেছেন। প্রভাসের ছবি ‘রাধে শ্যাম’-এর আপডেট কেন দেওয়া হয় না, এই অভিযোগে ছবির নির্মাতার কাছে একটি সুইসাইড নোট লিখেছেন।
‘বাহুবলী’র পর থেকেই প্রভাসের ভক্ত বেড়ে যায়। তাঁর নতুন ছবির জন্য অপেক্ষা করতে শুরু করেন তাঁরা। প্রভাসের নতুন ছবি ‘রাধে শ্যাম’-এর মুক্তির জন্য দিন গোনা শুরু। কিন্তু প্রভাসের নতুন কাজের কোনো খবরই যেন পাচ্ছেন না ভক্তরা। এই কারণে খেপে ওঠেন ওই ভক্ত। হতাশ হয়ে পড়েন। সেটাই উঠে এল সুইসাইড নোটে।
সেই নোটে ‘ইউভি ক্রিয়েশনস টিম’ এবং ছবির পরিচালক রাধাকৃষ্ণকে তাঁর আত্মহত্যার জন্য দায়ী করেছেন ওই ব্যক্তি। তাঁর দাবি, অনেক দিন ধরেই ছবির কোনো আপডেট দিচ্ছেন না নির্মাতারা।
সুইসাইড নোটে ওই ব্যক্তি আরও দাবি করেছেন, এর আগে কোনো দিন তিনি চিঠি লেখেননি। কিন্তু তিনি একটি ছবির জন্য সুইসাইড নোট লিখতে কলম ধরলেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টেও এই ব্যক্তি ছবির প্রসঙ্গে লিখেছিলেন। সেই পোস্টে ওই ভক্ত লিখেছেন, অনেক দিন ধরেই প্রভাসের ছবির অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু নির্মাতারা নাকি তাঁর কোনো অনুরোধই কানে তোলেননি। এরপর তিনি প্রভাসের একটি ছবির সংলাপের মতো করে লিখেছেন, ‘যথেষ্ট হয়েছে, আর কোনো প্রশ্ন নয়।’
যদিও ‘রাধে শ্যাম’ ছবির প্রথম ঝলক এবং ছবি মুক্তির তারিখ প্রকাশিত হয়েছে। প্রায় সাড়ে তিন শ কোটি টাকা বাজেটের এই ছবিতে প্রভাসের বিপরীতে আছেন পূজা হেগড়ে। ছবিটি আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে।