ছবির নাম 'আলাউদ্দিন' হলেও পারত
☀ আজ সারা ভারতে মুক্তি পাচ্ছে আলোচিত ছবি ‘পদ্মাবত’।
☀ ‘সব ইচ্ছার ব্যাপার’-আলাউদ্দিন খলজির এই সংলাপ সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’ ছবির সারকথা।
☀ সঞ্জয়লীলা বানসালিকে বাহবা দিতে হয় ছবির চরিত্র নির্বাচনের জন্য।
☀ মেওয়ারের মহারানির আভিজাত্য, গাম্ভীর্য, হাঁটাচলা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দীপিকা পাড়ুকোন।
☀ ‘পদ্মাবত’ গৌরবময় করবে ভারতের রাজপুত সম্প্রদায়কে।

আজ সারা ভারতে মুক্তি পাচ্ছে বলিউডের বহুল আলোচিত ছবি পদ্মাবত। গত মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের ছবিটি দেখানো হয়। ভারতের মুম্বাইয়ের প্যালাডিয়ামের পিভিআর মাল্টিপ্লেক্সে ছবিটি দেখে লিখেছেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য।
‘সব ইচ্ছার ব্যাপার’—ছবির শুরুতে আলাউদ্দিন খলজির এই সংলাপটি সঞ্জয়লীলা বানসালির পদ্মাবত ছবির সারকথা। মেওয়ারের রানি পদ্মাবতীকে ক্ষণিকের দেখার উন্মাদনায় আকাশ-পাতাল এক করে দেন আলাউদ্দিন। ধ্বংস করে দেন মেওয়ার। ছবিজুড়ে তাঁরই দাপট। তাই এই ছবির নাম আলাউদ্দিন হলেও পারত। আলাউদ্দিন তাঁর সুলতান তথা চাচা তথা শ্বশুরকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। বিয়ে করেন তাঁরই রূপসী কন্যাকে। এদিকে মেওয়ারের রাজা রতন সিং মুক্তোর সন্ধানে সিংহলে গিয়ে পৌঁছান। সিংহলের রাজকন্যা ও রতন সিং একে অপরের প্রেমে পড়েন।
রাজস্থানের মেওয়ারে এসে সিংহলের রাজকন্যা হয়ে ওঠেন রানি পদ্মাবতী। অসামান্য সুন্দরী তিনি। তাঁর সৌন্দর্যে মেওয়ারের রাজগুরুও ঘায়েল হয়ে যান। আর সে অপরাধেই তাঁকে মেওয়ার থেকে বিতাড়িত করা হয়। ক্রোধে উন্মত্ত রাজগুরু মেওয়ারকে ধ্বংস করতে চান। এখানেই ঘুরে যায় ছবির মোড়। আলাউদ্দিনের মতো কামুক, যৌনতাসর্বস্ব ও সব সময় নারীসঙ্গে উৎসাহী সুলতানের কানে পদ্মাবতীর সৌন্দর্যের কথা পৌঁছে দেন ওই রাজগুরু। পদ্মাবতীর বর্ণনা শুনে উন্মাদ হয়ে ওঠেন আলাউদ্দিন। পদ্মাবতীকে একটু দেখার আশায় নানান ছলের আশ্রয় নেন।
সঞ্জয়লীলা বানসালিকে বাহবা দিতে হয় ছবির চরিত্র নির্বাচনের জন্য। আলাউদ্দিনের মতো উন্মাদ এক সুলতানের চরিত্র রণবীর সিং ছাড়া আর কেউ করতে পারতেন বলে মনে হয় না। এরপর অবশ্যই বলতে হয় দীপিকা পাড়ুকোনের কথা। মেওয়ারের মহারানির আভিজাত্য, গাম্ভীর্য, হাঁটাচলা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী। ছবিতে তাঁর সংলাপ কম ছিল। একটা কথা বলতেই হয়, এই ছবি দীপিকার সেরা কাজ নয়।
শহীদ কাপুর রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রে একদম উপযুক্ত। রণবীরের দাপটের কাছে তাঁকে একটু ম্লান লাগতে পারে। কিন্তু এখানে কিছু করার ছিল না শহীদের। ছবির চিত্রনাট্য তা-ই। দীপিকা ও শহীদের পর্দার রসায়ন দুর্দান্ত। কোথাও কোথাও অদিতি রাও হায়দারির সৌন্দর্যের কাছে হার মানতে হয়েছে দীপিকাকে। অদিতি যে হায়দরাবাদের রাজঘরানার মেয়ে, সেটা ফুটে উঠেছে পর্দায়। জিম সর্বের অভিনয়ও যথাযথ।
সঞ্জয়লীলা বানসালির মতো করে এভাবে ঐতিহাসিক গল্পকে যথাযথ পর্দায় উপস্থাপনা করার ক্ষমতা এ মুহূর্তে বলিউডের আর কোনো পরিচালকের নেই বলা যায়। পদ্মাবত গৌরবময় করবে ভারতের রাজপুত সম্প্রদায়কে। ছবির প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধ অনেক বেশি জোরদার। পোশাক, প্রসাধন, সেট, ক্যামেরা—সব ক্ষেত্রেই প্রশংসার দাবি রাখে। ছবির থ্রিডি এফেক্টের কাজও ভালো। তবে এই ছবিতে সংগীত খুব একটা জোরদার হয়নি।
ছবি: পদ্মাবত
পরিচালক: সঞ্জয়লীলা বানসালি
কলাকুশলী: দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর, রণবীর সিং, অদিতি রাও হায়দারি, জিম সর্ব, রাজা মুরাদ
ব্যাপ্তি: ২ ঘণ্টা ৪৪ মিনিট