ছবির প্রচারে একসঙ্গে ক্যাটরিনা-রণবীর

অবশেষে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ‘জাগগা জাসুস’-এর কাজ শেষ হলো। প্রায় চার বছর ধরে শুটিং চলার পর এ বছর ১৪ জুলাই ছবির মুক্তির দিন ঠিক করা হয়েছে। ছবির প্রধান দুই শিল্পী রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক খারাপ চলায় অনেকেই আশঙ্কা করছিলেন, এ বছরে ছবিটি মুক্তি দেওয়া হয়তো মুশকিল হবে। অবশেষে তাঁদের সম্পর্কের বরফ বুঝি কিছুটা গলেছে। রণবীর জানিয়েছেন, ক্যাট ও তিনি একই সঙ্গে এই ছবির প্রচারে অংশ নেবেন।
রণবীর জানিয়েছেন, কয়েক দিন আগে ‘জাগগা জাসুস’ ছবির শুটিং শেষ হয়েছে। আরও বলেন, ‘ছবির শুটিং যেভাবেই হোক শেষ হলো, আমি এতে খুব খুশি। এটা আমার প্রযোজিত প্রথম ছবি। আমি চাই, সবাই আমার ছবিকে সমর্থন করুক। আশা করি, দর্শকেরা এটি পছন্দ করবেন।’
সাবেক প্রেমিকা ক্যাটরিনা সম্পর্কে তিনি বলেন, ‘এই ছবির জন্য ক্যাটরিনা অনেক পরিশ্রম করেছেন। এই ছবিটি যতটা আমার, ঠিক ততটাই তাঁর। আমরা খুব ভালোভাবে ছবির প্রচার চালাব, ভালোমতো মুক্তিও দেব। আমরা যখন কোনো ছবি বানাই, তখন সব মনোযোগ ও ভালোবাসা দিয়েই বানাই।’
রণবীর-ক্যাটরিনার প্রেম ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন ‘জাগগা জাসুস’ ছবির কাজ বন্ধ ছিল। বেশ কিছুদিন পর শুটিং শুরু হলেও ক্যাট নাকি সাবেক প্রেমিকের সঙ্গে কথাই বলতে চাইতেন না। তাঁদের যোগাযোগের মাধ্যম তখন হতে হয়েছিল পরিচালক অনুরাগ বসুকে। এত কিছুর পর তাঁরা দুজন একসঙ্গে কী করে ছবির প্রচার চালান, এখন তা–ই দেখার অপেক্ষা। বলিউড বাবল