ছবির শুটিংয়ে কলকাতায় অমিতাভ বচ্চন

নতুন এক ছবির শুটিংয়ে কলকাতায় এসেছেন অমিতাভ বচ্চন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নামলে অমিতাভ ফ্যান ক্লাবের সদস্যরা তাঁকে মুক্তোর মালা পরিয়ে দেন। অমিতাভ হাত তুলে তাঁদের উদ্দেশে বলেন, ‘আবার এলাম কলকাতায়।’ এরপরই তিনি গিয়ে ওঠেন একটি কালো কাঁচঘেরা গাড়িতে। সংবাদমাধ্যমকে এড়িয়ে কড়া নিরাপত্তায় তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার কেন্দ্রস্থলের একটি ঐতিহ্যবাহী পাঁচতারকা হোটেলে।
নতুন এই ছবির শুটিংয়ের জন্য অমিতাভ দেড় মাস কলকাতায় থাকবেন বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। ছবির নাম ‘তিন’। ছবিটি প্রযোজনা করছেন সুজয় ঘোষ এবং পরিচালনা করছেন ঋভু দাশগুপ্ত। অবশ্য ছবিটির শুটিং গত সোমবার থেকেই শুরু হয়েছে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে। তাতে অংশ নিয়েছেন বলিউডের আরও দুই তারকা বিদ্যা বালান ও নওয়াজ উদ্দিন সিদ্দিকি এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তীও। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন।
আজ শুক্রবার থেকে অমিতাভ বচ্চনের শুটিং করার কথা। শুটিং হবে কলকাতার ঐতিহ্যবাহী সচিবালয় রাইটার্স বিল্ডিংয়ে। এর আগে গত বছরের নভেম্বরে সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে অভিনয় করতে অমিতাভ বচ্চন কলকাতা এসেছিলেন। শুটিংয়ের জন্য সেবার এই রাইটার্স বিল্ডিংয়ের সামনেই সাইকেল চালিয়েছিলেন তিনি।