ছায়া হয়ে তবু পাশে রইব...

মাঝখানে মান–অভিমানের কারণে বিরাটের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন আনুশকা। কিন্তু এই দূরত্ব ছিল সাময়িক। অভিমান পর্ব সেরে আবারও তাঁরা কাছে এসেছেন। সবে তিন মাস হলো ‘নতুন’ করে প্রেম শুরু করেছেন এই তারকা জুটি। তবে, সাধারণ প্রেমিক-প্রেমিকা জুটির যা যা করার কথা, সবই পালন করছেন তাঁরা। যতটা পারা যায় একজন আরেকজনকে সময় দিচ্ছেন।
আগেও বিরাটের সঙ্গে ছায়াসঙ্গীর মতো লেগে থাকতেন আনুশকা। বিরাট ক্রিজে থাকা মানেই ছিল গ্যালারিতে আনুশকার উপস্থিতি। ইদানীং প্রায়ই বিভিন্ন জায়গায় একসঙ্গে তাঁদের দেখা যাচ্ছে। তবে শুধু লোকসমক্ষে নয়, ফুরসত পেলেই দুজন নিরিবিলিতেও সময় কাটাচ্ছেন। এমনকি ‘সুলতান’ ছবির প্রচারের ব্যস্ততম দিনগুলোতেও প্রেমিকের জন্য ঠিক সময় বের করে নিচ্ছেন আনুশকা।
‘সুলতান’ মুক্তির আর মাত্র কদিন বাকি। ছবির প্রচারে এখন ‘সুলতান’ দলের কারোরই দম ফেলার সময় পর্যন্ত নেই। কিন্তু ব্যস্ততা যতই থাকুক, প্রেমের ব্যাপারে কি কোনো ছাড় চলে? বিরাট-আনুশকা দুজনেই এখন মুম্বাইয়ে। কিছুদিন পরেই বিরাট উড়াল দেবেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে আর আনুশকাকেও ‘ফিল্লাউরি’ ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। এ জন্য এই কটা দিন কাছে কাছে থাকতে চাইছেন তাঁরা। এনডিটিভি।