ছুটি নিচ্ছেন না কারিনা

অনেক গুঞ্জন, জল্পনা-কল্পনা! সবকিছুর অবসান হলো সাইফের একটি মাত্র বক্তব্যবেই। যখন তিনি জানালেন, তাঁর স্ত্রী কারিনা ডিসেম্বরে প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। তবে কারিনার মাতৃত্ব নিয়ে যে গুজব ছড়িয়েছিল, তা খোলাসা হতে না হতেই শোনা যাচ্ছিল নতুন গুঞ্জন। কানাঘুষা চলছিল; ‘ভিরে দি ওয়েডিং’ ছবির কাজ নাকি পিছিয়ে দেবেন এই ‘হিরোইন’ তারকা। পরে এই ছবির পরিচালক ও প্রযোজক রিয়া কাপুর জানালেন আসল খবর।
রিয়া জানান, কাজের ক্ষেত্রে কারিনা কাপুর খান পুরোদস্তুর পেশাদার। ‘ভিরে দি ওয়েডিং’ ছবির কাজ তাই তিনি আগস্টেই শুরু করবেন।
ছবির শুটিং পেছানোর গুঞ্জন রিয়া উড়িয়ে দিয়ে বলেন, ‘আমি ও ছবির আরেক প্রযোজক একতা কাপুর আর আমাদের পরিবার সাইফ-কারিনা জুটির জন্য খুব খুশি। আমরা ভীষণ উচ্ছ্বসিত বোধ করছি। তাঁদের এই বিশেষ সময় সঙ্গে থাকতে পেরে রোমাঞ্চিত।’
নতুন এই ছবিটিতে আধুনিক মেয়েদের জীবনের কথাই বলা হয়েছে; কারিনা যেন তারই প্রতিচ্ছবি। কাজ আর জীবন দুটোই একসঙ্গে সামলাচ্ছেন এই তারকা। মা হচ্ছেন বলে আগেভাগে ছুটি নেওয়ার কোনো পরিকল্পনা নেই। আর তাই তো তাঁকে নিয়ে গর্বিত তাঁর পরিচালক। এনডিটিভি।