ছুটিতে বলিউড তারকারা

বলিউডের তারকারা বোধ হয় এখন ছুটি কাটানোর মুডে আছেন। তাঁদের বেশ কয়েকজনকেই দেশের বাইরে মনের সুখে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। আর ভ্রমণের সুন্দর সব ছবি প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ফ্রান্সের প্যারিসে বান্ধবীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী ও লেখিকা টুইংকেল খান্না। একেবারে ‘সিঙ্গেল নারী’র মতো এই ছুটি কাটাচ্ছেন তিনি। কারণ, প্যারিস ভ্রমণে স্বামী অক্ষয় কুমার ও সুই সন্তানকে সঙ্গী করেননি তিনি। বান্ধবী বিন্দির সঙ্গে প্যারিসের অলিগলি ঘুরে বেড়াচ্ছেন। আর চেখে দেখছেন সবার সব খাবার।

ইনস্টাগ্রামে বেড়ানোর কয়েকটি ছবি কোলাজ করে টুইংকেল লিখেছেন, ‘আমরা ৩৫ বছর আগে প্যারিসে প্রথম এসেছিলাম। এবার আবার ১৫ বছর পর ও আমার ৩৫তম ছুটিতে এলাম।’
এদিকে সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’ এ সপ্তাহেই মুক্তি পেয়েছে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই ছবি। কিন্তু সিনেমার খারাপ দশা মোটেও বিচলিত করতে পারেনি প্রিয়াঙ্কাকে। তিনি এখন জার্মানিতে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন।

আর রণবীর সিং যেন আরও এক কাঠি সরেস। সম্প্রতি ‘পদ্মাবতী’ ছবির সেটে মাথায় ভীষণ আঘাত পেয়েছেন এ অভিনেতা। চিকিৎসকের পরামর্শে কয়েকটা দিন শুটিং থেকে দূরে থাকতে হবে তাঁকে। এমন অনাকাঙ্ক্ষিত ছুটি তো আর রোজ রোজ মেলে না। এই সুযোগে তাই লন্ডনে উড়াল দিয়েছেন রণবীর। ৪ জুন বার্মিংহামে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তানের ম্যাচও মাঠে বসে উপভোগ করবেন তিনি। এনডিটিভি।