ছেলেকে অনেক ছবি দেখাচ্ছি: শাহরুখ

শাহরুখ খান এখন আমেরিকায়। সঙ্গে স্ত্রী গৌরী খান, ছেলে আরিয়ান, আবরাম ও মেয়ে সুহানা। উপলক্ষ ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আরিয়ানের ভর্তি হওয়া। আর বিষয়? চলচ্চিত্র!
শাহরুখ বলেন, ‘আরিয়ান ফিল্ম স্কুলে যাচ্ছে, আমি ওকে অনেক ছবি দেখাচ্ছি।’ আরিয়ানকে তিনি দেখতে দিয়েছেন ধ্রুপদি সব ইংরেজি ছবি—‘দ্য আনটাচেবল’, ‘গুডফেলাস’ ও ‘ফলিং ডাউন’।
এখন ইংরেজি ছবি দেখালেও হিন্দি ধ্রুপদি চলচ্চিত্রেরও একটি তালিকা শাহরুখ করে রেখেছেন। সে তালিকায় আছে ‘শোলে’ ও ‘দো আঁখে বারা হাত’-এর মতো চলচ্চিত্র। ছেলেকে দেখতে বলবেন দিলীপ কুমার ও নিজের অভিনীত দুই ‘দেবদাস’ও।
তাহলে কি আরিয়ান শাহরুখের পদাঙ্ক অনুসরণ করে চলচ্চিত্রে আসছেন?
শাহরুখ জবাব দিলেন ঘুরিয়ে, ‘শিক্ষার দিক থেকে আমার সন্তানেরা এখন পর্যন্ত আমার পদাঙ্ক অনুসরণ করছে। আমি স্নাতকোত্তর করেছিলাম, এখন আমার সন্তানেরাও তাঁদের গ্র্যাজুয়েশন করতে যাচ্ছে। আর অভিনয়শিল্পী হিসেবে তারা আমার পদাঙ্ক অনুসরণ করবে কি না, সেটা তাদের ওপর নির্ভর করছে যে তারা কী করতে চায়। তাদের সিদ্ধান্ত যা-ই হোক, আমি তাতে খুশি থাকব।’ ফিল্মফেয়ার