ছেলেকে সালমানের কাছে পাঠাচ্ছেন অনিল

ছেলে হর্ষবর্ধনকে অনিল কাপুর আগেই মানা করেছিলেন, ‘মির্জা’ ছবি দিয়ে যেন সে ক্যারিয়ার শুরু না করে। তখন বাবার কথা কানে তোলেননি হর্ষ। বাবার কথা না শোনার ফল এখন হারে হারে টের পাচ্ছেন এই নবাগত অভিনেতা। কারণ, ‘মির্জা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ছেলেকে তাই মহাতারকা সালমান খানের কাছ থেকে পরামর্শ নেওয়ার বুদ্ধি দিয়েছেন অনিল।
হিট হবে না ফ্লপ—এই চিন্তা থেকে অবশ্য হর্ষবর্ধন কাপুর ছবি বাছাই করেন না। রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরেই নিজেকে তিনি ধন্য মনে করছিলেন। তখন অবশ্য বাবা অনিল কাপুরও ছেলের পছন্দের অনেক তারিফ করেছিলেন। কিন্তু, হর্ষের প্রথম ছবি বলিউডে এতো বাজে ব্যবসা করার পর চিন্তিত হয়ে পড়েছেন তিনি। ছেলের মনের অবস্থা কী তা এখনও জানা যায়নি।
শোনা যাচ্ছে, হর্ষবর্ধনকে তিনি বলিউডের মহাতারকা সালমান খানের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য পাঠাবেন। কিন্তু নিজেই যখন বলিউডের একজন সফল তারকা তখন ছেলেকে নিজে পরামর্শ না দিয়ে সালমানের কাছে কেন পাঠাচ্ছেন অনিল? সেটা তিনিই ভালো বলতে পারবেন।
বলিউডের অনেক নায়ক-নায়িকাকেই সালমান নিয়ে এসেছেন। আর তাঁর দেওয়া বুদ্ধিতে অনেকে ক্যারিয়ারে উন্নতি যেমন করেছেন তেমনি বিফলও হয়েছেন কেউ কেউ। দেখা যাক হর্ষের বেলায় কী ঘটে। ফিল্মফেয়ার।