ছেলের ছুটি উপভোগ করছেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনায় আরিয়ান আর আব্রামকে নিয়ে শাহরুখ খান
বার্সেলোনায় আরিয়ান আর আব্রামকে নিয়ে শাহরুখ খান

বড় ছেলে আরিয়ান এখন পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি সিনেমা নিয়ে পড়ছেন। এখন তাঁর ক্লাস ছুটি। এ সময় চলে এসেছেন মুম্বাইয়ে, মা-বাবার কাছে। অনেক দিন পর ছেলেকে কাছে পেয়েছেন শাহরুখ খান আর গৌরী খান। তাই ছেলের ছুটি উপভোগ করতে নিজেদের সব কাজ স্থগিত করেছেন।

জানা গেছে, এরই মধ্যে আরিয়ান, সুহানা আর আব্রামকে নিয়ে শাহরুখ খান ও গৌরী বেড়াতে গেছেন বার্সেলোনায়। সেখানে দুই ছেলের সঙ্গে শাহরুখ খানের একটি ছবি তুলেছেন গৌরী। ছবিতে দেখা যায়, আরিয়ান আর আব্রাম দুই ভাই নীল রঙের একই রকম জ্যাকেট পরেছে। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে গৌরী লিখেছেন, ‘একজন মায়ের জন্য সেরা উপহার। আমার ছেলেদের সঙ্গে বার্সেলোনায় সূর্যের তাপ উপভোগ করছি।’

আকাশ আম্বানি আর শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টিতে শাহরুখ খান আর গৌরী খানের সঙ্গে আরিয়ান
আকাশ আম্বানি আর শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টিতে শাহরুখ খান আর গৌরী খানের সঙ্গে আরিয়ান

আর মেয়ে সুহানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শাহরুখ খান। সেখানে তিনি লিখেছেন, ‘সান-কিসড’।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ে ভারতের অন্যতম ধনকুবের ও রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি আর শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টিতে যান শাহরুখ খান ও গৌরী খান। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন আরিয়ান।

আরিয়ান আর গৌরী খান
আরিয়ান আর গৌরী খান

ইনস্টাগ্রামে গৌরীর দেওয়া সেই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। মালাইকা আরোরা আর দিয়া মির্জার মতে, এটি খুব মূল্যবান ছবি।

শাহরুখ খান ও গৌরীর বিয়ে হয় ১৯৯১ সালে। তাঁদের বড় ছেলে আরিয়ান। তাঁর বয়স ১৯ বছর। গত মে মাসে সুহানা ১৮ বছর পূর্ণ করেছে আর ছোট ছেলে আব্রামের বয়স পাঁচ বছর।

শাহরুখ খান, আরিয়ান ও করণ জোহর
শাহরুখ খান, আরিয়ান ও করণ জোহর

এরই মধ্যে শাহরুখ খান তাঁর ‘জিরো’ ছবির শুটিং শেষ করেছেন। ছবিটির পরিচালক আনন্দ এল রাই। এই ছবিতে আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

মেয়ে সুহানার সঙ্গে শাহরুখ খান
মেয়ে সুহানার সঙ্গে শাহরুখ খান