ছেলের সঙ্গে দেখা করাতেই কি শাহরুখের বাড়িতে অভিযান?

সকালেই আরিয়ানের সঙ্গে দেখা করতে জেলখানায় যান শাহরুখ খান, এক ঘণ্টা পরেই শাহরুখের বাড়ি মান্নাতে অভিযান চালায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার সকালেই ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে জেলখানায় যান শাহরুখ খান। এক ঘণ্টা পরেই শাহরুখের বাড়ি মান্নাতে অভিযান চালায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তারা। বিষয়টা কি নেহাতই কাকতালীয়, নাকি শাহরুখ খানের সক্রিয়তায় নতুন করে তৎপরতা বাড়িয়েছে এনসিবি? শাহরুখের ভক্তদের মনে এখন এমনি নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

আরিয়ানের গ্রেপ্তারের পর থেকেই একটা পক্ষ শাহরুখকে নিয়ে নানা সমালোচনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে কটাক্ষ হচ্ছে। তবে শুরু থেকেই এ নিয়ে শাহরুখ কোনো মন্তব্য করেননি। তাঁকে প্রকাশ্যে দেখাও যায়নি। স্ত্রী গৌরী খান ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বললেও শাহরুখ কথা বলেছেন কি না, জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে প্রথম প্রকাশ্যে আসেন শাহরুখ। সোজা চলে যান আর্থার রোডে। গ্রিল ও কাচের দেয়ালের দুই পাশ থেকে ইন্টারকমে বাবা-ছেলের মিনিট পনেরোর সাক্ষাৎ। পরে দ্রুত বেরিয়ে যান কিং খান।

বৃহস্পতিবার সকালেই ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে জেলখানায় যান শাহরুখ খান

এরপরই এনসিবির কয়েকজন কর্মকর্তা শাহরুখের বাড়িতে অভিযান চালান। বৃহস্পতিবার দুপুরে মান্নাতে গিয়ে সরকারি কাগজপত্র দেখিয়ে বাড়ির ভেতরে যান। তবে এনসিবি পরে জানিয়েছে, কোনো রকম তল্লাশি চালাতে নয়, বরং আরিয়ানসংক্রান্ত কিছু কাগজপত্রের জন্য মান্নাতে গিয়েছিলেন তাঁরা। এক কর্মকর্তা বলেন, ‘আরিয়ানের মামলার তদন্ত চলছে। এনসিবি যখন কারও বাড়িতে যায়, তার অর্থ এটা নয় যে তিনিও সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত বা তাঁর বিরুদ্ধে কোনো তদন্ত চলছে। এ ছাড়া বিভিন্ন আনুষ্ঠানিকতা থাকতে পারে।’

জানা গেছে, বাবার সঙ্গে দেখা করে কেঁদে ফেলেছিলেন ২৩ বছরের আরিয়ান। জেলে ছেলে ঠিকমতো খাওয়াদাওয়া করছেন কি না, সে বিষয়ে জানত চেয়েছেন শাহরুখ।

শাহরুখের বাড়ি মান্নাতে অভিযান চালায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তারা

আরিয়ান বাবাকে বলেছেন, জেলের খাবার তাঁর ভালো লাগছে না। শাহরুখ তখন জেল কর্তৃপক্ষের কাছে জানতে চান, বাড়ি থেকে খাবার পাঠানো যাবে কি না। একজন কর্মকর্তা তখন তাঁকে জানান, ‘আদালত নির্দেশ দিলে খাবার পাঠানো যাবে।’
২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরি থেকে আটক করা হয় আরিয়ানকে।

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় তাঁকে। এর পর থেকেই বারবার জামিনের আবেদন করলেও তা খারিজ করেছেন আদালত।

জেলের পথে শাহরুখ

এনসিবির দাবি, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক পাচারকারী ও বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখার প্রমাণ পাওয়া গেছে। আরিয়ানের সঙ্গে বলিউডের এক উঠতি নায়িকার হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে এনসিবি। এই চ্যাটে তাঁরা মাদকসংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। সর্বশেষ বৃহস্পতিবার সকালে বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিন শুনানির জন্য আবেদন করেছিলেন আরিয়ানের আইনজীবী। বিচারপতি আজ শুনানির অনুমোদন দেননি। ২৬ অক্টোবর মঙ্গলবার মামলার শুনানি হবে। সুতরাং ২৬ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে আরিয়ান খানকে।