ছোট বচ্চনের জন্মদিনে বড় উৎসব

বলিউডে বচ্চন পরিবারের বিশেষ একটা অবস্থান রয়েছে। পরিবারের জ্যেষ্ঠ বা বড় বচ্চন অমিতাভ যেমন সব বিষয়েই স্বকীয়তা নিয়ে চলেন তেমনি এই পরিবারের বিভিন্ন আয়োজন কিংবা উৎসবেরও রয়েছে নিজস্ব ধরন। সম্প্রতি অমিতাভ বচ্চনের ছেলে ছোট বচ্চন অভিষেকের জন্মদিন পালনের উৎসব দেখেও সবাই টের পেয়েছেন এই বিষয়টা।
অভিষেক বচ্চন এ বছর ৪০ বছরে পা দিলেন। তাঁর এবারের জন্মদিনটিতে পুরো বচ্চন পরিবারই একসঙ্গে হয়েছিলেন। ছোট বচ্চনের জন্মদিন পালনের বিষয়টি দেখে অনেকেই বলেছেন এমন বিষয় সচরাচর সিনেমাতেই দেখা যায়। অমিতাভ বচ্চন তাঁর ছেলে অভিষেকের জন্মদিন উদ্যাপনের বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
বিগ বির পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের একটি ইয়ট আকৃতির জলযানের সামনের ডেকে বসে আছেন অমিতাভ। তাঁর সামনে তাঁর মেয়ে শ্বেতা। অমিতাভের সামনের সারিতে তাঁর পুত্রবধূ ঐশ্বরিয়া বসে আছেন মেয়ে আরাধ্যকে নিয়ে। আর আরেক পাশে হাস্যোজ্জ্বল মুখে অভিষেক বসে আছেন তাঁর মা জয়া বচ্চনের পাশে। চারপাশের নীল জল আর ওপরের আকাশের রং। সব মিলিয়ে অসাধারণ একটি মুহূর্ত।

অমিতাভ বচ্চন তাঁর এক ফেসবুক পোস্টে লিখেছেন, সেই পরিবার একসঙ্গে বাঁচে...পাল তুলে একসঙ্গেই যাত্রা শুরু করে...!!
শুধু নৌ-বিহারই নয়, ছোট বচ্চন অভিষেককে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাতে সমুদ্রসৈকতে স্পার্কলার দিয়ে অভিনব কায়দায় শুভেচ্ছাও জানিয়েছে বচ্চন পরিবার।
ইনস্টাগ্রামে অভিষেককে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানানোর মুহূর্তের একটি ছবিও পোস্ট করেছেন অমিতাভ। ছবিতে দেখা যাচ্ছে রাতের সৈকতে অভিষেক ও ঐশ্বরিয়ার হাত ধরে স্পার্কলারে জ্বলে ওঠা শুভেচ্ছা বার্তার দিকে তাকিয়ে আছে এ দম্পতির একমাত্র সন্তান আরাধ্য বচ্চন। অমিতাভ এ ছবিটির পোস্টে লিখেছেন, জীবনের এক ভ্রমণ, ভালোবাসার মানুষদের হাত ধরে চললে তা হয়ে ওঠে অনেক আনন্দের। এনডিটিভি।