জগজিৎ সিংকে নিয়ে সংগীতসন্ধ্যা

‘তুম বিন’ ছবির ‘কোই ফরিয়াদ’ গানটি বলিউড ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছিল। গানটি জগজিৎ সিংয়ের কণ্ঠেই নতুন করে আসছে ‘তুম বিন টু’ ছবিতে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শিল্পীর পঞ্চম মৃত্যুদিবসে তাঁকে নিয়ে আয়োজন করছে সংগীতসন্ধ্যা।
২০০১ সালে তৈরি হয় ভুষণ কুমার প্রযোজিত অনুভব সিনহা পরিচালিত ছবি ‘তুম বিন’। ছবির গানগুলো বেশ আলোড়িত করে দর্শকদের। সেখানে জগজিৎ সিং এর ‘কোই ফরিয়াদ’ গানটি বেশ জনপ্রিয় হয়। এবার তৈরি হচ্ছে ‘তুম বিন’ ছবির সিক্যুয়েল। তাতে নতুন করে জগজিতের সেই গানটিকে তৈরি করেছেন সংগীত পরিচালক অঙ্কিত তিওয়ারি। ‘তুম বিনে’র সিকুয়্যেলেও জগজিতের সেই কণ্ঠই শুনতে পাবেন শ্রোতারা। তবে সংগীতায়োজনে থাকছে নতুনত্ব। ২০১১ সালের ১০ অক্টোবর এই শিল্পী মৃত্যুবরণ করেন। তাঁর পঞ্চম মৃত্যুদিবসে ‘তুম বিন টু’ ছবির প্রযোজকরা আয়োজন করেছেন এই শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে একটি সংগীত সন্ধ্যা। তাতে গাইবেন রেখা ভরদ্বাজ, হরিহরণ, অনুপ জালোটা ও যশবিন্দর সিং।
‘তুম বিন টু’ ছবিতে অভিনয় করেছেন নেহা শর্মা, আদিত্য সিল ও অসীম গুলাটি। চলতি বছরের ১৮ নভেম্বর ছবিটির মুক্তির কথা আছে।
বলিউড হাঙ্গামা