জটিলতার কারণ জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জলি এলএলবি টু’-এর একটি দৃশ্যে অক্ষয় কুমার
‘জলি এলএলবি টু’-এর একটি দৃশ্যে অক্ষয় কুমার

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘জলি এলএলবি টু’ সিনেমার ট্রেলার। এখানে আইনজীবী জলির চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। কমেডি ধাঁচের এই ছবির ট্রেলারে বেশ কিছু মজার সংলাপ রয়েছে। কিন্তু এই ‘মজা’র কারণে এখন বিপাকে পড়েছেন সিনেমার পরিচালক, প্রযোজক, এমনকি শিল্পীরা। কারণ, ট্রেলার মুক্তির পর একটি জনপ্রিয় জুতার ব্র্যান্ড এই সিনেমা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে।
‘জলি এলএলবি টু’ সিনেমার একটি দৃশ্যে কোর্টের ভেতর অক্ষয় কুমারকে তাঁর সহশিল্পী অনু কাপুর বলেন, ‘বাটার জুতা আর সস্তা পোশাক পরে আমার সঙ্গে উঁচু গলায় কথা বলো কোন সাহসে?’ আর এই সংলাপটি রাখা রয়েছে ছবির ট্রেলারেও। এতেই চটেছে বিশ্বের অন্যতম বিখ্যাত জুতার ব্র্যান্ড বাটা। তারা ছবির ট্রেলার ও ছবি থেকে এই সংলাপ সরিয়ে নেওয়ার জন্য পরিচালক সুভাষ কাপুর, প্রযোজক ফক্স স্টার মিডিয়া, অভিনেতা অক্ষয় কুমার, অনু কাপুরসহ আরও কয়েকজনকে আইনি নোটিশ পাঠিয়েছে। শুধু তা-ই নয়, তারা মনে করছে, এই সংলাপের কারণে বাটা কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আর এ জন্য ছবি কর্তৃপক্ষকে লিখিত বিবৃতি ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে এই প্রতিষ্ঠানটি।
অবশ্য, এই বিষয়ে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা কী সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো জানা যায়নি। পরিচালক সুভাষ জানান, এই বিষয়ে তাঁর কথা বলার অনুমতি নেই।
উল্লেখ্য, ‘জলি এলএলবি টু’ ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘জলি এলএলবি’-এর সিক্যুয়েল। আগের ছবিতে জলি হয়েছিলেন আরশাদ ওয়ারশি। আর সেই ছবির নায়িকা ছিলেন অমৃতা রাও। এবারের সিক্যুয়েলে নায়িকা হয়েছেন হুমা কুরায়েশি। বলিউড হাঙ্গামা।