জন্মদিন উদ্যাপন না করার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমল হাসান
কমল হাসান

এ বছর জন্মদিন উদ্‌যাপন করবেন না দক্ষিণ ভারতের অভিনেতা কমল হাসান। ভক্তদেরও তিনি দিনটি এবারের মতো উদ্‌যাপন না করার অনুরোধ করেছেন। তিনি একটি টুইটে জানিয়েছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার অসুস্থতার কারণে তিনি এ বছরের জন্মিদন উদ্‌যাপন করতে চান না।
আগামী ৭ নভেম্বর কমল হাসানের ৬২তম জন্মদিন। প্রতিবছরই এ অভিনেতার জন্মদিন তাঁর ভক্তরা বেশ ধুমধাম করে উদ্‌যাপন করেন। ভক্তদের গঠন করা বেশ কিছু ফ্যান ক্লাব ব্যান্ডপার্টি, মিষ্টি, কেক, ফুল নিয়ে ভিড় জমায় কমল হাসানের বাড়ির বাইরে। এ তারকা অভিনেতা কিছু সময় ভক্তদের সঙ্গে কাটিয়ে দিনটিকে উদ্‌যাপন করেন। কিন্তু এ বছর তেমনটি আর ঘটছে না বলেই আভাস দিলেন কমল হাসান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ অভিনেতা লেখেন, ‘আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা চিন্তা করে আমার জন্মদিনের উৎসব উদ্‌যাপন থেকে এবারের মতো সবাইকে বিরত থাকার অনুরোধ করছি।’
কিছুদিন আগে জয়ললিতার দ্রুত আরোগ্য কামনা করেও একটি টুইট করেছিলেন ‘চাচি ৪২০’ ছবির এই নায়ক। তা ছাড়া দক্ষিণ ভারতের আরেক মহাতারকা রজনীকান্তও হাসপাতালে চিকিৎসাধীন জয়ললিতাকে দেখতে ছুটে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন অসুস্থ মুখ্যমন্ত্রীর সঙ্গে। পিটিআই।