জন্মদিনটা পারিবারিক অন্য যেকোনো দিনের মতোই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বচ্চন পরিবার’। অমিতাভের জন্মদিনে বিগ বি ফ্যান ক্লাব (বিবিএফসি) এ ছবিটি পোস্ট করেছিল।
‘বচ্চন পরিবার’। অমিতাভের জন্মদিনে বিগ বি ফ্যান ক্লাব (বিবিএফসি) এ ছবিটি পোস্ট করেছিল।

কত বয়স হলো তাঁর? বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের! নানা কাজের চাপে যেন দম ফেলারও ফুরসত নেই তাঁর। কিন্তু সময় কী বসে থাকে? এরই মধ্যে বছর ঘুরে আবারও এসেছে তাঁর জন্মদিন। এ বছর ৭৩ বছরে পা রাখলেন বলিউডের এই ‘মেগাস্টার’ অভিনেতা।
জন্মদিনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানিয়ে অমিতাভ বলেছেন, তাঁর এই অস্তিত্ব ঈশ্বরেরই আশীর্বাদে। জানিয়েছেন, কাজ নিয়ে তিনি এতটাই ব্যস্ত যে সামান্য সময়ও পান না পিছু ফিরে দেখার বা ভাবার। আর যদি সে সময়টুকুও পেতেন; সে ক্ষেত্রেও নতুন করে আর কোন হিসাবনিকাশই বা করতেন!
এ প্রসঙ্গে অমিতাভ জানিয়েছেন, ‘ব্যক্তিজীবনে আমার পরিবার, কর্মজীবনে কিছু কাজ, যা নিয়ে ব্যস্ত আছি; যেগুলোর কাজ চলছে তা শেষ করতে হবে।’
অমিতাভ জানিয়েছেন, জন্মদিনটা তাঁর পরিবারের সঙ্গেই কাটাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে। জন্মদিন প্রসঙ্গে বলেছেন, এদিনটা পারিবারিক অন্য আর দশটা দিনের মতোই।
অমিতাভ বচ্চনের অসাধারণ অভিনয়ের কারণে বলিউডের যে সব ছবি জনপ্রিয়তা পেয়েছে সে তালিকা অনেক দীর্ঘ। এসব ছবির মধ্যে রয়েছে ‘দিওয়ার’, ‘জনজির’, ‘শোলে’, ‘ডন’ ‘অভিমান’, ‘অগ্নিপথ’, ‘ব্ল্যাক’, ‘সরকার’, ‘চিনি কম’, ‘পা’, ‘সত্যাগ্রহ’, এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হিসেবে ‘পিকু’। অমিতাভ অভিনীত ‘ওয়াজির’ ছবিটি মুক্তি পাবে এ বছরের ডিসেম্বর মাসের ৪ তারিখে।
হলিউডের ছবিতেও অভিনয় করেছেন অমিতাভ। ২০১৩ সালে ‘গ্রেট গেটসবাই’ ছবিতে অমিতাভ ‘মেয়ার ওলফশেইম’ নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন।
ভারত সরকার এই কিংবদন্তি অভিনেতাকে ‘পদ্ম শ্রী’ সম্মাননায় ভূষিত করেছিল ১৯৮৪ সালে। ২০০১ সালে অমিতাভকে ‘পদ্মভূষণ’ সম্মাননা দেওয়া হয়েছিল আর ২০১৫ সালে বলিউডের এই কিংবদন্তি অভিনেতাকে ভারত সরকার ‘পদ্মবিভূষণ’ সম্মাননায় ভূষিত করেছে।
এই ৭৩ বছর বয়সেও তাঁর কর্মস্পৃহা আর নতুন বিষয়ের প্রতি আগ্রহ একবিন্দু কমেনি। বরং তা যেন আরও বেড়েছে। এখনো নতুন কিছু শিখতে চান তিনি।
এ প্রসঙ্গে অমিতাভ বলেছেন, আমি চাই, আমি যেন সংগীত শিখতে পারি। সংগীতের কোনো একটা যন্ত্র বাজানো শিখতে পারি, অথবা যেন শিখতে পারি গান গাওয়ার বিদ্যা, জ্ঞান বা শিল্প। অবশ্য বলিউডের ছবিতে এর মধ্যে গানও গেয়েছেন অমিতাভ।
যা হোক, আরও একটি গভীর কোমল মায়াভরা জায়গা তাঁর বুকের মধ্যে আছে। যে জায়গাটা দখল করে আছে অমিতাভের নাতনি আরাধ্য বচ্চন। আরাধ্যের সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করেন ‘বিগ বি’ অমিতাভ। আরাধ্য প্রসঙ্গে দাদা অমিতাভ বলেছেন, তাঁর সঙ্গে কাটানো প্রতিটি সময়ই অনেক মূল্যবান।
স্নেহ অধঃগামী। হয়তো এ কারণেই বলিউডের এই কিংবদন্তি তারকা অভিনেতা সবকিছুর ঊর্ধ্বে তাঁর বেঁচে থাকার পূর্ণতা খুঁজে পান নাতনি আরাধ্যের মধ্যেই।