জন্মদিনে উন্মোচিত হলো ধোনিকে নিয়ে ছবির পোস্টার


যথাসময়ে যথা কাজটি করলেন সুশান্ত সিং রাজপুত। ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ওপর নির্মিত বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র প্রথম পোস্টার গতকাল প্রকাশ করলেন তিনি। আর গতকালই ছিল ধোনির ৩৫তম জন্মবার্ষিকী।
ধোনির বায়োপিকটি পরিচালনা করেছেন নির্মাতা নিরাজ পান্ডে। এতে ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত।
পোস্টারটিতে নানা সময়ের ধোনি উঠে এসেছেন। এখানে আছে লম্বা চুলের ধোনির ছবি, তাঁর টিনএজার সময়কার ছবি। দুটি ছবিতে তাঁকে প্রেমিকাসহও দেখা যাচ্ছে। আছে ৭ নম্বর জার্সি পরিহিত ধোনির ছোট ও বড়বেলার খেলার ছবি, আছে স্টেডিয়ামের ছবি। অধিনায়ক ধোনির প্রতীক হয়ে পটভূমিতে আছে ভারতীয় পতাকার তিন রং।
পোস্টারটি দিয়ে টুইটারে সুশান্ত লেখেন, ‘অধিনায়ক, নেতা, বিজয়ী...অনেক নাম ও একটি অজানা সফর।’ এ ছাড়া ধোনির সঙ্গে নিজের একটি সেলফিও দেন তিনি।
এ ছবিতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও দিশা প্যাটেল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর এটি মুক্তি পেতে যাচ্ছে। ফিল্মফেয়ার অবলম্বনে।