জন্মদিনে ক্যাটরিনাকে পাশে পেলেন রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর
ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

লন্ডনে সিনেমার সেটেই কেটে যাবে তাঁর এবারের জন্মদিন— এই ছিল রণবীর কাপুরের ইচ্ছে। সেভাবেই তিনি প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু রণবীর কী করে জানবেন, গ্লাসগোতে থাকা ক্যাটরিনা কাইফ একদিনের ছুটি নিয়ে সটান চলে আসবেন লন্ডনে আর রণবীরের পাশে থেকেই উদ্‌যাপন করবেন তাঁর জন্মদিন! রণবীরের জন্মদিনে তাঁর প্রিয় মানুষ ক্যাটরিনার পক্ষ থেকে এই ছিল উপহার।
কত বয়স হলো রণবীরের, এমন প্রশ্ন আসতেই পারে রণবীর ভক্তদের মনে। ২৮ সেপ্টেম্বরে তেত্রিশে পড়েছেন বলিউডের এই সুপারস্টার। লন্ডনে ছবির সেটেই ছোট্ট করে হয়েছে রণবীরের জন্মদিন পালনের অনুষ্ঠানটি।
লন্ডনে বর্তমানে রণবীর যে ছবির শুটিং করছেন, এ ছবিতে তাঁর সঙ্গে আছেন ‘বোম্বে ভেলভেট’ ছবির সহ-শিল্পী আনুশকা শর্মা। আরও আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
রণবীরের গর্বিত বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুর (সিং) সামাজিক যোগাযোগের মাধ্যমে সন্তানের প্রতি তাঁদের গর্ব ও ভালোবাসার কথা জানিয়েছেন। ঋষি তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘শুভ জন্মদিন লতা মুঙ্গেশকর ও প্রয়াত শহীদ ভগত সিং! আমার বোন রিমা আর ছেলে রণবীরের জন্মদিনও আপনাদের মতো একই দিনে। এ জন্য আমি গর্বিত।’
নীতুও আছেন লন্ডনেই। তিনি রণবীর ও রিধিমাকে নিয়ে তোলা তাঁর পুরোনো একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন, রানা। তোমার সুখী জীবন কামনা করি এবং তোমার জন্য রইল আমার আশীর্বাদ।’
২০০৮ সালে ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে বলিউডে জায়গা করে নেওয়া অভিনেতা রণবীর এখন বলিউডের অন্যতম সফল অভিনয়শিল্পী। ইদানীং অবশ্য তাঁর অভিনীত কয়েকটি ছবি ভালো ব্যবসা করতে পারেনি বলে চাপের মুখেই আছেন তিনি। তবে, ইমতিয়াজ আলীর ‘তামাশা’ আর অনুরাগ বাসুর ‘জগ্গা জাসুস’ ছবি দুটি তাঁর ওপর থেকে চাপ সরিয়ে দেবে বলেই বিশ্বাস করেন চলচ্চিত্রবোদ্ধারা। ২০১৬ সালে নির্মিতব্য সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক ছবিতেও দেখা যাবে রণবীর কাপুরকে।
শুধু সিনেমার খবরেই রণবীর পত্রিকা বা অন্যান্য সংবাদমাধ্যমে জায়গা করে নেন না, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চলচ্চিত্রপ্রেমীরা উৎসুক। দীপিকা পাডুকোণের সঙ্গে প্রেম, ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ইত্যাদির মাধ্যমে মিডিয়াকে প্রতিদিনই খবর জুগিয়ে চলেছেন রণবীর। টাইমস অব ইন্ডিয়া।