জন্মদিনে নতুন ছবির ঘোষণা দিলেন অক্ষয়

অক্ষয় কুমার আটচল্লিশে পা রাখলেন আজ বুধবার। জন্মদিনেই উচ্ছ্বসিত হয়ে জানিয়ে দিলেন, আসছেন নতুন ছবি নিয়ে। ‘রুস্তম’ নামের ছবিটির মুক্তির দিনও ঠিক করে ফেলেছেন এই ‘খিলাড়ি’ অভিনেতা। ২০১৬ সালের ১২ আগস্ট আসছে রুস্তম।
এক টুইট-বার্তায় অক্ষয় জানিয়েছেন, তিনি আর নীরজ পাণ্ডে একটি রোমান্টিক থ্রিলারের ভাবনা নিয়ে রোমাঞ্চিত। তৃতীয়বারের মতো তাঁদের জুটির ভাগ্যে সাফল্য থাকবে বলেই আশা করছেন।
এর আগে অক্ষয় ও নীরজ পাণ্ডে অভিনেতা ও পরিচালক হয়ে একসঙ্গে ‘বেবি’ ও ‘স্পেশাল ২৬’ নামের দুটো ছবি করেছেন। প্রশংসা পেয়েছে ছবি দুটো। তবে এবার পাণ্ডে আর পরিচালক নন। ছবিটি পরিচালনা করবেন টিনু সুরেশ দেশাই। একটি সত্য ঘটনা থেকেই অনুপ্রেরণা পেয়েছেন তাঁরা। দুজন নতুন অভিনেত্রীরও প্রথম ছবি হতে যাচ্ছে ‘রুস্তম’। অক্ষয় অবশ্য তাঁদের নাম বলেননি।
টিনু যদি পরিচালক হন, তাহলে পাণ্ডের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন কেন অক্ষয়? এ প্রশ্ন তো আসতেই পারে। আসলে এ ছবির গল্পটি লিখছেন পাণ্ডে, চিত্রনাট্যও লিখছেন বিপুল রাওয়ালকে নিয়ে। এমন কি ছবির সম্পাদনার টেবিলেও দেখা যাবে পাণ্ডেকে। নীরজ পান্ডে বলেছেন, ‘যখন ‘রুস্তম’-এর গল্পটি শোনাচ্ছিলেন টিনু, তক্ষুণি আমরা ঠিক করেছি এ ছবি আমরা তৈরি করব। আর এই গল্পের মূলচরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য অক্ষয়ই সেরা।’
‘রুস্তম’ ছবিটির শুটিং শুরু হবে এ বছর ডিসেম্বর থেকে। বেশ কয়েকটি লোকেশনে ঘুরবে ছবির এই দলটি।