জন্মদিনে মায়ের কাছে আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ ধুমধাম করেই জীবনের ৫০-তম বছরটি শুরু করেছিলেন আমির খান। কিন্তু সুন্দরভাবে বছরটি শুরু হলেও পুরো ২০১৫ সালজুড়ে দারুণ ঝক্কি পোহাতে হয়েছে তাঁকে। ‘অসহিষ্ণুতা’ তর্কে জড়িয়ে রীতিমতো নির্বাসনে যাওয়ার দশা হয়েছিল আমিরের। কিন্তু সবকিছু ভুলে আমির তাঁর ৫১তম জন্মদিনে একটা নতুন সূচনা চান। তাইতো আর ধুমধাম করে নয়, বরং মা জিনাত হোসেনের সঙ্গে অনাড়ম্বর জন্মদিন কাটানোর পরিকল্পনা করেছেন তিনি।
আজ ১৪ মার্চ আমিরের ৫১তম জন্মদিন। ১৯৬৫ সালে তিনি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন।
নতুন ছবি ‘দাঙ্গাল’-এর পরবর্তী ধাপের শুটিংয়ের জন্য প্রস্তুতি নিতে এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন আমির। কথা ছিল মার্চ মাসের শেষ দিকে ভারতে ফিরবেন। কিন্তু আমিরের মা চাইছেন, ছেলে দেশে ফিরে মায়ের সঙ্গে জন্মদিনটি পালন করুক। মায়ের কথা ফেলতে পারেননি আমির। যুক্তরাষ্ট্রে যাওয়ার মাত্র ছয় দিনের মাথায় আবার মুম্বাই ফিরে আসেন এই ‘পিকে’ তারকা। এ সময়ে মায়ের কথার অবাধ্য হতে চান না তিনি। এমনতেই আমিরের সময় আজকাল ভালো যাচ্ছে না। ‘অসহিষ্ণুতা’ বিতর্ক, এরপর সানি লিওনকে টক শোয়ের মাধ্যমে সমর্থন করা এবং সব শেষ টিভি শো ‘সত্যমেভ জয়তে’ সঞ্চালনা নিয়ে নতুন তর্কসহ নানা ঝামেলায় আছেন আমির। তাই মায়ের কথার অবাধ্য হয়ে নতুন বিপদ ডেকে আনা কি ঠিক হবে? হিন্দুস্তান টাইমস।