জন্মদিনে যা করবেন প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এখন দেশের চেয়ে বিদেশেই বেশি সময় দিচ্ছেন। এই তারকার হাতভর্তি শুধু হলিউডের কাজ। ভারত আর যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া করেই এখন ক্লান্ত এ অভিনেত্রী। সম্প্রতি প্রিয়াঙ্কা নিউইয়র্ক থেকে মুম্বাইয়ে এসেছিলেন। দেশে এসে তিনি তাঁর মা মধু চোপড়াকে নিয়ে নিজস্ব প্রযোজনা সংস্থার একটি ছবির প্রচারে অংশ নিয়েছেন। সেখানে প্রিয়াঙ্কা জানান, পরিবারের সঙ্গে জন্মদিন পালন করতেই দেশে এসেছেন তিনি। যদিও জন্মদিন কাটাতে মা আর ভাইকে নিয়ে রোববার সকালে বিদেশের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

কাল মঙ্গলবার প্রিয়াঙ্কার ৩৫তম জন্মদিন। সাবেক এই বিশ্বসুন্দরী একটানা শুটিং করে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। কয়েক দিনের বিরতি তাঁর জন্য হয়ে উঠেছিল অত্যাবশ্যক। আর এই জন্মদিনের সময়টাই প্রিয়াঙ্কা ছুটি কাটানোর জন্য মোক্ষম সময় বলে ভাবছেন। এ জন্য মুম্বাইয়ে দুই দিন কাটিয়ে পরিবারের সঙ্গে দেশের বাইরে ভ্রমণের জন্য রওনা দিয়েছেন। তবে তাঁরা কোন দেশে যাচ্ছেন, প্রিয়াঙ্কা তা গোপন রেখেছেন। অবশ্য ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করতে শুরু করলেই জানা যাবে প্রিয়াঙ্কার গতিবিধি।

মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে প্রিয়াঙ্কা
মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডের ‘ইস’ট ইট রোমান্টিক?’ ছবির কাজ করছেন। এখানে তাঁর সহশিল্পী রেবেল উইলসন ও অ্যাডাম ডিভাইন। এরপর তিনি ‘অ্যা কিড লাইক জেক’ নামের আরেকটি হলিউড ছবির কাজ শুরু করবেন। আর টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুম নিয়ে পরিচালকের সঙ্গে তাঁর আলোচনা চলছে বলেও শোনা গেছে। সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস