জন্মদিনের আগাম উপহার

রোহিত শেঠির কানের কাছে প্রায় ‘ঘ্যান ঘ্যান’ শুরু করে দিয়েছিলেন পরিণীতি চোপড়া। ‘স্যার, দিন না একটা সুযোগ। একটা গান গাইতে চাই, স্যার!’ একপর্যায়ে রাজি হয়ে গেলেন এই পরিচালক। নতুন ছবিতে গান গাওয়ার এই সুযোগটিই ছিল পরিণীতির এবারের জন্মদিনের আগাম উপহার।
আগামীকাল রোববার ২৯-এ পা রাখছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে জন্মদিনের উপহার পরিণীতি অনেক আগে থেকে পাওয়া শুরু করে দিয়েছেন। গতকাল শুক্রবার মুক্তি পাওয়া বলিউড ছবি গোলমাল এগেইন-এ অভিনয় করেছেন তিনি। ছবির প্রচারণার অংশ হিসেবে ছবিটির পরিচালক রোহিত শেঠি, অভিনেতা অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে ও কুনাল খেমুর সঙ্গে একটি টিভি অনুষ্ঠানে গিয়েছিলেন পরিণীতি। ওই অনুষ্ঠানেই রোহিত জানান, গোলমাল এগেইন ছবিতে ‘হাম নেহি শুধরেঙ্গে’ গানটি পরিণীতিকে গাওয়ার সুযোগ দিয়েছেন তিনি, এটাই ছিল পরিণীতির জন্মদিনে দেওয়া রোহিতের আগাম উপহার।
রোহিত বলেন, ‘শুটিং চলাকালে স্যার গান করব, গান করব বলে পরিণীতি খুব জ্বালাচ্ছিল। তখনই আমাদের প্রতিষ্ঠান টি-সিরিজ থেকে তাকে গানটি করার সুযোগ দেওয়া হয়।’ এ সুযোগ পেয়ে উৎফুল্ল পরিণীতি বলেছিলেন, ‘ধন্যবাদ, এ বছর জন্মদিনটা একটু জলদিই চলে এল।’
‘হাম নেহি শুধরেঙ্গে’ গানটির মূল শিল্পী আরমান ও আমাল মালিক। সূত্র: আইএএনএস।