জন্মদিনের সেরা উপহার

২৭ পেরিয়ে ২৮ শুরু করলেন কঙ্গনা রনৌত। ২৩ মার্চ ছিল তাঁর জন্মদিন। কিন্তু জন্মদিনের সেরা উপহারটা তাঁর জন্য অপেক্ষা করছিল এর পরদিন। সেদিনই ঘোষণা করা হয় ভারতের ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা; যেখানে গোটা অক্ষরে লেখা ছিল এবারের সেরা অভিনেত্রী কঙ্গনার নাম।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন কঙ্গনা। এর আগে ২০০৮ সালে ফ্যাশন ছবির জন্য তিনি জিতেছিলেন সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার। এবার কঙ্গনা কুইন ছবির জন্য জিতে নেন সেরা অভিনেত্রীর পুরস্কারটি।
২০১৪ সালের প্রায় সব বড় চলচ্চিত্র পুরস্কারের আসরেই কুইন ছবির জন্য কঙ্গনা সেরার পুরস্কারটি বাগিয়ে নিয়েছেন। কিন্তু অ্যাওয়ার্ডবিমুখ এই নায়িকা প্রতিটি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানেই ছিলেন অনুপস্থিত। তবে জাতীয় পুরস্কারের বেলায় কঙ্গনার সুর অন্য রকম। তাই ৩ মে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিতির ব্যাপারে তিনি বললেন, ‘এ অর্জন আমার কাছে সবচেয়ে বড়। এটি গ্রহণ করতে অধীর হয়ে আছি।’ ইন্ডিয়ান এক্সপ্রেস