জন্মাতেন যদি ষাটের দশকে!

সময়ের ‘মিস্টার পারফেকশনিস্ট’ তিনি। তবু যেন কোথায় একটা আফসোস তাঁর রয়ে গেছে। হিন্দি সিনেমার সোনালি যুগটা ষাটের দশকে। গুরু দত্ত, কে আসিফের মতো পরিচালকদের সময় সেটি। সেই সময়ে জন্মাতে না পারার খেদ রয়েই গেছে আমির খানের। এখনো সাধ, যদি জন্মাতে পারতেন ষাটের দশকে!
আমির খানের চাচা নাসির হুসাইনের জীবনীভিত্তিক বই ‘মিউজিক মাস্তি মডারনিটি : সিনেমা অব নাসির হুসাইন’-এর প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির। সেই অনুষ্ঠানে ষাটের দশকের সিনেমাকে সোনালি সময় বলে উল্লেখ করেন তিনি। শুধু তা–ই নয়, সেই সময়ে জন্ম নেওয়ার ইচ্ছেও পোষণ করেছেন এই বলিউড তারকা। অক্ষয় মানওয়ানির লেখা ‘মিউজিক মাস্তি মডারনিটি : সিনেমা অব নাসির হুসাইন’ বইটি নিয়ে আলোচনায় আমির বলেন, ‘১৯৬০ সাল ছিল ভারতীয় সিনেমার জন্য প্রকৃত ভালো সময়। এই সময়ের পুরো প্রজন্মটাই ছিল সৃজনশীল। সাহির লুধিয়ানভি, মাজরোহ সুলতানপুরির মতো বাম ঘরানার লোকজন ছিলেন। সেই সময়ে মেহবুব খান, কে আসিফ, গুরু দত্তের মতো তারকারা বেড়ে উঠেছিলেন।’
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে আমির খান অভিনীত ছবি ‘দঙ্গল’। মহাবীর সিং ভোগাতের জীবনীভিত্তিক এই ছবিতে মহাবীর সিং ভোগাতের চরিত্রটি করেছেন তিনি। এনডিটিভি।