জরিমানা গুনলেন শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

ব্যক্তিগত ব্যবহারের জন্য বাড়ির বাইরের রাস্তা দখল করে সরকারি জমিতে র‍্যাম্প তৈরি করায় ব্রিহান মুম্বাই মিউনিসিপ্যালটি জরিমানা করেছিল বলিউডের ‘কিং খান’ শাহরুখকে। সম্প্রতি এই তারকা অভিনেতা প্রায় নীরবেই তাঁকে জরিমানা করা ১ লাখ ৯৩ হাজার ৭৮৪ রুপির একটি চেক মুম্বাইয়ের মিউনিসিপ্যালটির কাছে জমা দিয়েছেন।
শাহরুখ খানের বাড়ি মান্নাতের বাইরের রাস্তায় রিইনফোর্সড সিমেন্ট-কংক্রিটের তৈরি এই র‍্যাম্প ব্যবহৃত হতো এই অভিনেতার ভ্যানিটি ভ্যানটি পার্ক করে রাখার কাজে।
র‍্যাম্পটি নিয়ে স্থানীয় অধিবাসীদের অনেকেই দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছিলেন। পরবর্তী সময় মুম্বাইয়ের আরও অনেকেই বিষয়টি নিয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে এটি সামাজিক আন্দোলনে রূপ নেয়। এ আন্দোলনে শামিল হন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষজন।

অবৈধভাবে র‍্যাম্প তৈরির বিষয়টি মিউনিসিপ্যাল কমিশনারের নজরে আসার পর তিনি ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি মান্নাতের সামনের এই র‍্যাম্পটি সরিয়ে বা ভেঙে ফেলার জন্য শাহরুখকে নোটিশ দেন। কিন্তু নোটিশের সময় পেরিয়ে যাওয়ার পরও র‍্যাম্প সরিয়ে ফেলা কিংবা না ভাঙার কারণে মুম্বাইয়ের মিউনিসিপ্যাল করপোরেশন ফেব্রুয়ারির ১৫ তারিখে র‍্যাম্পটি ভেঙে দেয়। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি শাহরুখকে অবৈধভাবে র‍্যাম্প নির্মাণ ও আদেশ অমান্য করার কারণে ১ লাখ ৯৩ হাজার রুপি জরিমানা করে।
২০১৪ সালের শেষের দিকে শাহরুখের বাড়ি মান্নাতের পাশে তৈরি করা এই র‍্যাম্প নিয়ে স্থানীয় লোকজনের অভিযোগ ছিল, এর ফলে তাদের এ সড়ক দিয়ে চলাচলে অসুবিধা হয়। পাশাপাশি এই অভিনেতার বাংলোর কাছে ব্যান্ড স্ট্যান্ড সড়কের অংশে একটি গির্জায় ঢোকার পথেও এই র‍্যাম্পের কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল। ইন্দো-এশিয়ান নিউজ।