জহির রায়হান স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহির রায়হান
জহির রায়হান

আজ থেকে ৪৪ বছর আগে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি চলচ্চিত্র নির্মাতা ও লেখক জহির রায়হান নিখোঁজ হয়েছিলেন ঢাকার মিরপুরে। পরবর্তীতে উদ্‌ঘাটিত হয়েছে জহির রায়হান অন্তর্ধান রহস্যের। কিন্তু তাঁর প্রাণপ্রিয় স্বাধীন স্বদেশেই প্রাণ দিতে হয়েছিল প্রবাদপ্রতিম এই চলচ্চিত্র ব্যক্তিত্ব ও লেখককে। জহির রায়হানের অন্তর্ধান বা নিখোঁজ হওয়ার ৪৪তম বছরকে স্মরণে রেখে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হান স্মরণে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

৩১ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘জহির রায়হান বিহীন বাংলাদেশের ৪৪ বছর’ শিরোনামের এই স্মরণ ও আলোচনা অনুষ্ঠানটি আয়োজিত হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে।

স্মরণ অনুষ্ঠানে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত ‘আত্ম পরিচিতির রাজনীতি’ শীর্ষক জহির রায়হান ও তাঁর চলচ্চিত্রবিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই কর্মশালাটি শুরু হয়েছিল গত ২৯ জানুয়ারি থেকে।

জহির রায়হান স্মরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জহির রায়হানের সহোদরা শাহেনশা বেগম। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন অগ্রজ চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্রকার সি বি জামান ও চলচ্চিত্র গবেষক, লেখক অনুপম হায়াৎ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।


এ ছাড়াও আলোচনায় অনুষ্ঠানে থাকবেন ড. জাকির হোসেন রাজু, চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক।

আয়োজনে প্রারম্ভিক আলোচনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’-র সভাপতি ও জহির রায়হান ও তাঁর চলচ্চিত্র বিষয়ক কর্মশালার পরিকল্পক ও সমন্বয়ক বেলায়াত হোসেন মামুন।
স্মরণ, আলোচনা, ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণের পর প্রদর্শিত হবে জহির রায়হানের প্রথম চলচ্চিত্র ‘কখনো আসেনি’।

স্মরণ অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত।