জাতীয় পুরস্কার সোনমের অনুপ্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর
সোনম কাপুর

ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কার জিতেছেন সোনম কাপুর। নিরজা ছবিতে অভিনয়ের জন্য তিনি এবার এই পুরস্কার পেয়েছেন। আজ বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে মা সুনিতা আর বাবা অনিল কাপুরকে সঙ্গে নিয়ে সম্মানজনক এই পুরস্কার গ্রহণ করবেন তিনি। সোনম বলেন, ‘ভালো গল্পনির্ভর ছবিতে কাজ করার ব্যাপারে আমাকে আরও উৎসাহী করে তুলেছে এই পুরস্কার। অনুপ্রেরণা দিয়েছে।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার অনুভূতি কেমন—জানতে চাইলে এই তারকা বলেন, ‘সত্যি কথা বলতে আমি এই পুরস্কারের আশাও করিনি। গল্পনির্ভর ছবি আমি এর আগেও অনেক করেছি। কিন্তু এ কথা অস্বীকার করার উপায় নেই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাকে আরও বেশি করে এ ধরনের ছবিতে কাজ করার প্রতি আগ্রহী করে তুলেছে।’
সোনমের কাছে মনে হয়, নিরজার মতো একটি ছবিতে কাজ করতে পারা তাঁর জন্য বিশাল ব্যাপার ছিল।
রাম মাধভানি পরিচালিত এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল। এখানে ভারতীয় বিমানবালা নিরজা ভানোতের বীরত্বের গল্প বলা হয়েছে। ১৯৮৬ সালে করাচি যাওয়ার পথে ফ্লাইট হাইজ্যাক হওয়ার পর নিজের জীবন দিয়ে যাত্রীদের বাঁচিয়েছিলেন মাত্র ২৩ বছর বয়সী নিরজা। সূত্র: আইএএনএস।