জামিনের পর সালমানের চমক

বড় একটা ধকল গেল বলিউডের ব্যাড বয় সালমান খানের ওপর দিয়ে। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মানুষ হত্যার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। তবে উচ্চ আদালতের নির্দেশে আপাতত জামিনে আছেন তিনি। আর জামিনের খবরে আপাতত স্বস্তিতে আছেন অগণিত সালমান ভক্ত।
সাল্লু-ভক্তদের জন্য আসছে আরও চমক। খুব শিগগিরই গানের রেকর্ডিং শুরু করছেন তিনি। নতুন একটি চলচ্চিত্রের দুটি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার বরাতে এমনটাই জানা গেছে।
২০১৪ সালে ‘কিক’ ছবির গানে সর্বশেষ কণ্ঠ দিয়েছিলেন সালমান। তাঁর এবারের ছবির নাম ‘হিরো’। পরিচালক নিখিল আদভানি। ‘হিরো’ ছবিতে সালমানের গাওয়া ‘ম্যায় হু হিরো তেরা’ গানটির সংগীত পরিচালক অমল মালিক। অপর গানটির শিরোনাম এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে, গানটি পরিচালনা করছেন হিমেশ রেশামিয়া।
অমল মালিক বলেন, ‘নাচ নির্ভর গান নয়। “ম্যায় হু হিরো তেরা” গানটি একটু অন্য রকমভাবে তৈরি করতে চেয়েছি। সালমানের কণ্ঠ নিয়ে এই গানে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হ্যালো ব্রাদার’ ছবিতে ‘চান্দি কি ডাল পার’ গানের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন সালমান। ২০১১ সালে মুক্তি পাওয়া বক্স অফিসে ঝড় তোলা ছবি ‘বডিগার্ড’-এর টাইটেল গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি।