জীবনীভিত্তিক নয়, ত্রিভুজ প্রেমের ছবি

গুঞ্জন উঠেছিল বিশাল ভরদ্বাজের ছবি ‘রেঙ্গুন’ জীবনীভিত্তিক ছবি। কিন্তু সে কথা সত্য নয়। স্বয়ং পরিচালক বললেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ত্রিভুজ প্রেমের ছবি।
শহীদ কাপুর ও সাইফ আলী খান অভিনীত বিশাল ভরদ্বাজের ছবিতে প্রেমের কেন্দ্রে আছেন কঙ্গনা রনৌত। ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ত্রিভুজ প্রেম নিয়ে ছবিটি তৈরি হয়েছে। আছে কিছু ঐতিহাসিক রেফারেন্সও। গুঞ্জন উঠেছিল এটি একটি বায়োপিক। কিন্তু জাতীয় পুরস্কার পাওয়া পরিচালক বিশাল ভরদ্বাজ বলেন, ‘“রেঙ্গুন” দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি ত্রিভুজ প্রেমের ছবি। আমরা সেই সময়ের একটি ছবি দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এটা কাল্পনিক।’
ছবিতে কঙ্গনা রনৌতের প্রেমে পড়েন সাইফ আলী খান ও শহিদ কাপুর। কঙ্গনা অভিনয় করেছেন আকর্ষণীয় নায়িকা জুলিয়ার চরিত্রে। সাইফ আলী খানের চরিত্রটি একজন চলচ্চিত্রকারের, যে নায়িকার প্রেমে পড়ে। অন্যদিকে শহিদ কাপুর একজন যোদ্ধা। যিনি একটি ট্রেন ভ্রমণের সময় জুলিয়ার প্রেমে পড়েন।
নাদিদ ওয়ালা গ্রান্ডসন এন্টারটেইনমেন্ট ও ভায়াকম ১৮ মোশন পিকচার্স ছবিটি প্রযোজনা করেছে। মুক্তি পাবে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি। ইন্ডিয়ান এক্সপ্রেস।