জীবনের নতুন অর্থ খুঁজে বেড়াচ্ছে শর্মাজি
প্রয়াত বলিউড তারকা ঋষি কাপুর অভিনীত শেষ ছবি ‘শর্মাজি নামকিন’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। আজ বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, হিতেশ ভাটিয়া পরিচালিত ‘শর্মাজি নামকিন’ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ৩১ মার্চ।
ঋষি কাপুর ‘শর্মাজি নামকিন’ ছবিটির কাজ শেষ করে যেতে পারেননি। অভিনয় শেষ করার আগেই মৃত্যু হয় তাঁর। ঋষি কাপুরের মৃত্যুর পর তাঁর চরিত্রে অভিনয় করেন পরেশ রাওয়াল। ঋষি কাপুর, পরেশ রাওয়াল ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন জুহি চাওলা।
প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর শেষ অভিনীত ছবির ফার্স্টলুক প্রকাশ করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেনমেন্ট। ছবিটির প্রধান অভিনেত্রী জুহি চাওলা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার শেয়ার করে লেখেন, ‘এই তো আমাদের শর্মাজি চলে এসেছে, আমাদের জীবনকে খুশিতে ভরিয়ে দিতে।’
এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজক রিতেশ সিধওয়ানি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া কে বলেন, ‘পারিবারিক বিনোদনধর্মী এ ছবিতে কিংবদন্তি অভিনেতা প্রয়াত ঋষি কাপুরের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত।
‘শর্মাজি নামকিন’ সিনেমাটিতে ৬০ বছর বয়সী একজন সাধারণ মানুষের জীবনের গল্প বলবে। যেখানে সে জীবনের নতুন অর্থ খুঁজে বেড়াচ্ছে । সিনেমাটি হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম খ্যাতনামা অভিনেতা ঋষি কাপুরের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।’
ঋষি কপুরের মৃত্যুর আগে শেষ মুক্তি পাওয়া ছবি ‘দ্য বডি’। ১৯৭০ সালে বাবা রাজ কাপুরের পরিচালনায় ‘মেরা নাম জোকার’ ছবির মধ্য দিয়ে শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রাখেন ঋষি। দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল কাপুর পরিবারের এ ছোট্ট সদস্যকে।
২০০৮ সালে ফিল্মফেয়ারের মঞ্চে তাঁকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ অ্যাওয়ার্ড দেওয়া হয়। ২০১১ সালে ‘দো দুনি চার’ ছবিতে অভিনয়ের সুবাদে ফিল্মফেয়ারে ‘সেরা ক্রিটিকস চয়েজ’ অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। এরপর ২০১৭ সালে ‘কাপুর অ্যান্ড সনস’–এর জন্য পান সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ৩০ এপ্রিল ৬৭ বছর বয়সে প্রয়াত হন তিনি। প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে আরও একবার পর্দায় দেখার জন্য ভক্তরা অপেক্ষা করছেন।