শাহরুখ খানের ছেলে আরিয়ানের জামিনের শুনানি আজ। তিনি কি জামিন পাবেন, নাকি জিজ্ঞাসাবাদের জন্য আবারও তাঁকে হেফাজতে নেবে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)—এই আলোচনায় সরব বলিউড। মানসিকভাবে কঠিন সময় পার করছেন শাহরুখ খান। সহকর্মীর জীবনের কঠিন সময়ে যেন পাশে দাঁড়ালেন হৃতিক রোশন। আরিয়ানকে উদ্দেশ করে ইনস্টাগ্রামে একটি খোলা চিঠি পোস্ট করেছেন তিনি।
আরিয়ানকে উদ্দেশ করে হৃতিক লিখেছেন, ‘প্রিয় আরিয়ান, জীবন এক অদ্ভুত যাত্রা। যেখানে চড়াই–উতরাই থাকবে। অনিশ্চয়তায় ভরা বলেই জীবন চমৎকার। কিন্তু ঈশ্বর আসলে দয়ালু। যাঁদের মনের জোর বেশি, তিনি কেবল তাদেরই কঠিন পরীক্ষায় ফেলেন। তোমার ভেতরের নানা রকম অনুভূতি জ্বলে–পুড়ে ছাই হয়ে যাবে। আর সেখান থেকেই বেরিয়ে আসবে তোমার নায়কসত্তা। ভুল, ঠিক, সাফল্য, ব্যর্থতা সবই সমান। কিন্তু এগুলির মধ্যে কোনটি তুমি রাখবে, কোনটি ফেলে দেবে, সেই সিদ্ধান্ত তোমার।’
হৃতিক আরও লিখেছেন, ‘জীবনের যত অভিজ্ঞতা, সব তোমার কাজে লাগবে আরিয়ান। বিশ্বাস করো, এগুলোই তোমার উপহার। শান্ত থাকো, পর্যবেক্ষণ করো। অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে আলোয় এসো। সেই আলোয় বিশ্বাস রাখো। আলো ছিল, আছে, থাকবেও। তোমার জন্য ভালোবাসা।’
গত শনিবার রাতে মুম্বাই উপকূলে এক প্রমোদতরির মাদক পার্টি থেকে আরিয়ানসহ কয়েকজনকে আটক করে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাসহ আরও অনেককে গ্রেপ্তার করে এনসিবি। আরিয়ান, মুনমুন, আরবাজ এখন এনসিবির হেফাজতে।