জেল থেকে মুক্তির পর সঞ্জয়-সালমান

জেল থেকে মুক্তির পর সঞ্জয় দত্তের কোনো কাজের খবর পায়নি ভক্তরা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দু-একটিতো প্রশ্নই তুলেছিল, সঞ্জয় কি তাহলে বেকার হয়ে পড়ল! আপাতত সেই আশঙ্কা আর থাকছে না। বেকার নন সঞ্জয়। আরেক তারকা সালমানের সঙ্গে নতুন অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, পরিচালক সাজিদ খান আর রীতেশ দেশমুখ আগামী মাস থেকেই টেলিভিশনের জন্য একটি রিয়্যালিটি শো-এর শুটিং করবেন। যার নাম ‘ইয়ারো কা বারাত’৷ তার প্রথম পর্বের শুটিংয়ে থাকবেন সালমান খান আর সঞ্জয় দত্ত৷ অক্টোবরেই এ অনুষ্ঠানটির প্রচার শুরু হয়ে যাবে৷ প্রথম পর্বেই দেখা যাবে দুই তারকাকে।
প্রসঙ্গত, ‘ইয়ারো কা বারাত’ অনুষ্ঠানটি বন্ধুদের নিয়ে। যেখানে তারকাদের সঙ্গে তারকাদের বন্ধুত্বের বিষয়টি নিয়ে থাকবে নানা আয়োজন। সঞ্জয় দত্ত এবং সালমান খানের বন্ধুত্ব দীর্ঘদিনের। তাই তাই অনুষ্ঠানের পরিচালকেরা এই দুই তারকাকে ঠিক করেছেন প্রথম পর্বের জন্য।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া