জেলে গাইল ফারহানের 'ব্যান্ড'

‘বড়’ শিল্পী হওয়ার স্বপ্ন এক তরুণের। কিন্তু স্বপ্ন পূরণের আগেই জড়িয়ে পড়েন এক খুনের ঘটনায়। খুন না করেও তাঁকে যেতে হয় জেলে। তরুণটি জেলে বসেই পালানোর ফন্দি আঁটেন। সেটার অংশ হিসেবে আরও কয়েকজন কয়েদিকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন গানের ‘ব্যান্ড’। এভাবেই এগিয়ে যায় বলিউডের আসন্ন ছবি ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’। রঞ্জিত তিওয়ারি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৫ সেপ্টেম্বর।
কয়েদি সেই তরুণের ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আখতার। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে ফারহান তাঁর এই ছবির কলাকুশলীদের সঙ্গে নিয়ে যান পুনের ইয়েরওয়ারা কারাগারে। ছবির স্বাদটা বাস্তবে নিতেই তাঁদের জেল দর্শন। শুধু তা-ই নয়, সেখানে গিয়ে একদম ‘প্রফেশনাল’ ব্যান্ড সদস্যদের মতো মঞ্চে গেয়েছেন তাঁরা।
কারাবন্দী হলেও কয়েদিদের স্বাধীনতা দিবস পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। বরাবরই ভারতের কারাগারগুলোতে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। তবে এবার ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’-এর দল বেশ বড়সড় আয়োজন করেছে ইয়েরওয়ারা কারাগারের বন্দীদের জন্য। সেখানে বিশেষ অনুষ্ঠানে ফারহান ছাড়াও ছবির কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী ডায়না পেন্টি, অভিনেতা রবি কিষান, রণিত রয়, দীপক দব্রিয়াল, রাজেশ শর্মা, ইনাম-উল-হক, পরিচালক রঞ্জিত তিওয়ারি এবং কম্পোজার অর্জুনা হরিজি ও রোচক কোহলি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।