জেলে থেকেও মামলায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একতা কাপুর-সঞ্জয় দত্ত
একতা কাপুর-সঞ্জয় দত্ত

অস্ত্র মামলায় সশ্রম কারাদণ্ড পাওয়া বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত পুনের ইয়েরাওয়াড়া কারাগারে জেলের ঘানি টানছেন। এর মধ্যেই নতুন এক ঝামেলায় জড়িয়ে গেলেন তিনি। শোনা যাচ্ছে, সঞ্জয়ের কাছে পাওনা দেড় কোটি রুপি আদায়ের জন্য মামলা ঠুকে দিয়েছেন ‘রাগিণী এমএমএস’খ্যাত ভারতীয় চলচ্চিত্র ও টিভি প্রযোজক একতা কাপুর।
সঞ্জয় অভিনীত পিকে ছবি মুক্তি পাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। ভিন্নধর্মী প্রচারণা কৌশলের জন্য মুক্তির আগেই ব্যাপক আলোচিত হয়েছে ছবিটি। বছরের অন্যতম আলোচিত ছবি হিসেবেও উচ্চারিত হচ্ছে পিকের নাম। সম্প্রতি ছবিটির একটি গানও প্রকাশিত হয়েছে, যেখানে সঞ্জয় ও আমির খানকে ভিন্নরূপে দেখা গেছে। কিন্তু পিকে নিয়ে সঞ্জয়ের আনন্দ মাটি করতেই বুঝি তাঁর বিরুদ্ধে মামলা ঠুকলেন বিতর্কিত প্রযোজক ও বালাজি টেলিফিল্মসের যুগ্ম মহাব্যবস্থাপক একতা কাপুর।
২০০৮ সালে বলিউডের অভিনেতা সুনীল শেঠি ও একতা কাপুর যৌথভাবে একটি ছবি প্রযোজনার উদ্যোগ নিয়েছিলেন। ছবিটিতে অভিনয়ের আগাম পারিশ্রমিক হিসেবে সঞ্জয়কে দেড় কোটি রুপি দিয়েছিলেন তাঁরা। কিন্তু সঞ্জয় ও একতার মন-কষাকষির কারণে শেষ পর্যন্ত ছবিটির কাজ আর এগোয়নি। সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ, ছবির কাজ থেমে গেলেও আগাম পারিশ্রমিকের দেড় কোটি রুপি ফেরত দেননি তিনি। এক খবরে এমনটিই জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম।
এত দিন চুপ থাকলেও ঘটনার ছয় বছর পর সম্প্রতি সঞ্জয়ের কাছ থেকে দেড় কোটি রুপি ফেরত নিতে দেন-দরবার শুরু করেন সুনীল শেঠি ও একতা কাপুর। বিষয়টি নিয়ে সঞ্জয়ের স্ত্রী মান্যতার সঙ্গে কথাও বলেন সুনীল। কিন্তু মান্যতা ও সঞ্জয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় মামলা ঠুকে দেন একতা কাপুর। সঞ্জয় আপসে এই সমস্যার সমাধান করেন, নাকি আবারও আদালতে দৌড়ঝাঁপ করার প্রস্তুতি নেন—সেটাই এখন দেখার বিষয়।

‘পিকে’ ছবির ‘ঠারকি চক্র’ গানের মিউজিক ভিডিও দেখতে ক্লিক করুন
http://www.youtube.com/watch?v=NkJHEj0oPV0

আরও পড়ুন: