জ্যাকসন-হৃতিক সমাচার

নাচে পারদর্শিতার কারণে সুপরিচিত ‘পপ কিং’ প্রয়াত মাইকেল জ্যাকসন ও বলিউডের অভিনেতা হৃতিক রোশন। সম্প্রতি এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বেঁচে থাকতে জ্যাকসন নিজে এগিয়ে গিয়ে হৃতিক রোশনের সঙ্গে দেখা করে পরিচিত হয়েছিলেন। ঘটনাটি ছয় বছর আগের। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘কাইটস’ ছবির শুটিং চলাকালে এমন বিরল সুযোগ এসেছিল হৃতিকের জীবনে।
লস অ্যাঞ্জেলেসের বেল এয়ার অ্যাপার্টমেন্ট ভবনের একটি ঘরে বসে মেকআপ নিচ্ছিলেন হৃতিক। প্রথমে রেকি করতে ঘরটিতে যান জ্যাকসনের কয়েকজন দেহরক্ষী। বিশাল দেহের অধিকারী দেহরক্ষীদের দেখে কিছুটা হকচকিয়ে যান হৃতিক।
হৃতিক প্রশ্ন করে জানতে পারেন, পরদিন বেল এয়ার অ্যাপার্টমেন্ট ভবনে শুটিং করবেন জ্যাকসন। কিছুক্ষণ পর সেখানে যান জ্যাকসন। তখন ‘কাইটস’ ছবির শুটিং করছিলেন হূতিক। জ্যাকসন সরাসরি হূতিকের কাছে এগিয়ে যান এবং নিজের পরিচয় দিয়ে বলেন, ‘আমার নাম মাইকেল।’ সে সময় হৃতিকের পাশে ছিলেন সহ-অভিনেত্রী মেক্সিকান তারকা বারবারা মোরি ও পরিচালক রাকেশ রোশন। তাঁদের সঙ্গেও পরিচিত হন জ্যাকসন। হৃতিক ও জ্যাকসনের মধ্যে কিছু সময় কথাবার্তাও হয়।