জ্যাকসনের অন্ধ ভক্ত শহীদ কাপুর

আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে শহীদ কাপুর অভিনীত ছবি ‘উড়তা পাঞ্জাব’। এই ছবিতে শহীদকে একজন রকস্টারের চরিত্রে দেখা যাবে। আর বাস্তবে এই নায়ক নাকি ‘পপসম্রাট’ মাইকেল জ্যাকসনের ভীষণ ভক্ত। জ্যাকসনের কনসার্টে যাওয়ার জন্য একবার তিনি কী কাণ্ড ঘটিয়েছিলেন সেই অভিজ্ঞতাই সম্প্রতি ভাগাভাগি করেছেন ভারতীয় একটি টিভি অনুষ্ঠানে।
ঘটনা নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়কার। একটি কনসার্টে অংশ নিতে মাইকেল জ্যাকসন তখন ভারতে এসেছিলেন। জ্যাকসন ভারতে আসবেন আর তাঁর ভক্ত শহীদ কাপুর সেই কনসার্টে যাবেন না, তা তো হয় না। কিন্তু কনসার্টের টিকিটের দাম ছিল তিন হাজার রুপি। কিশোর শহীদ এত টাকা পাবে কোথায়? মায়ের কাছে তাই বায়না ধরেছিলেন, ‘আগামী পাঁচ বছর জন্মদিনে কোনো উপহার চাই না। এর বদলে আমাকে জ্যাকসনের কনসার্টের টিকিট কিনে দাও।’
শেষমেশ অবশ্য সেই কনসার্টের টিকিট কিনেই ছেড়েছিলেন শহীদ। কৈশোরের স্মৃতি স্মরণ করে এই অভিনেতা বলেছেন, ‘অনেক চেষ্টা করে কিছু পয়সা সেবার জোগাড় করেছিলাম। হাতখরচের টাকা থেকেও কিছু বাঁচিয়েছিলাম। আর বাকিটা আমার মায়ের কাছ থেকে ধার করে জ্যাকসনের সেই কনসার্টের টিকিট কিনেছিলাম।’
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।