জ্যাকুলিনের নামের শেষে 'খান'!

বলিউডে খানদের প্রভাবটা বেশ ভালোই বলতে হয়। ছবিতে সালমান, আমির কিংবা শাহরুখ খানের অন্তর্ভুক্তি মানেই নিশ্চিত সাফল্য। বলিউডের আরেক খান সাইফ আলী খানকে বিয়ের পর নিজের নামের শেষে খান পদবি যুক্ত করেছেন বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর। ‘কিক’ ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন সাবেক মিস শ্রীলঙ্কা ও বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সম্প্রতি ছবিটির প্রচারণার সময় জ্যাকুলিনের নামের শেষে ‘খান’ পদবি যুক্ত করেছেন সালমান। জ্যাকুলিনকে তিনি জ্যাকুলিন ফার্নান্দেজ খান নামেই ডেকেছেন।
সম্প্রতি ‘কিক’ ছবির প্রচারণা চালাতে জিটিভির একটি অনুষ্ঠানে হাজির হন সালমান ও জ্যাকুলিন। সেখানে সালমান জানান, তাঁর জীবনে বিশেষ একজনের উপস্থিতি রয়েছে। মজা করার ছলে বিশেষ ওই ব্যক্তির নামও প্রকাশ করেন সালমান। ব্যক্তিটি আর কেউ নন, ‘কিক’ ছবিতে খান সাহেবের সহ-অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তিনি জ্যাকুলিনের নামের পাশে খান পদবি জুড়ে দেন। ‘বিগহার্ট লাভারবয়’ সালমান স্রেফ মজা করেছেন নাকি সত্যিই জ্যাকুলিনের প্রতি দুর্বল হয়ে পড়েছেন, তা নিয়ে নানা কানা-ঘুষা উঠেছে বলিউডে।
জিটিভির অনুষ্ঠানে ‘কিক’ ছবির প্রচারণা চালাতে গিয়ে জ্যাকুলিনকে জেএফকে নামে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন সালমান। জেএফকে বলতে সাধারণত জন এফ কেনেডিকেই বোঝায়। এ বিষয়ে জানতে চাইলে সালমান বলেন, জেএফকে মানে হলো জ্যাকুলিন ফার্নান্দেজ খান।
পুরো অনুষ্ঠানে জ্যাকুলিনকে নানাভাবে সাহায্য করেন সালমান। তিনি নিশ্চিত করেন, অনুষ্ঠানের শুটিং করতে গিয়ে জ্যাকুলিন যেন কোনো রকম অস্বস্তি অনুভব না করেন। হিন্দি ভাষা খুব কম বোঝেন জ্যাকুলিন। এ ক্ষেত্রেও তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন খান সাহেব। কঠিন কোনো হিন্দি শব্দ বা বাক্য জ্যাকুলিন বুঝতে না পারলে তাঁর কানে কানে অর্থ বলে দিতে দেখা যায় সালমানকে।
শুধু তা-ই নয়, কিছুদিন আগে ‘ঝলক দিখলা যা’ অনুষ্ঠানেও ‘কিক’ ছবির প্রচারণা চালাতে গিয়েছিলেন সালমান ও জ্যাকুলিন। অনুষ্ঠানের একপর্যায়ে এর বিচারক করণ জোহর জানতে চান, জীবনসঙ্গী হিসেবে কেমন মেয়ে পছন্দ করেন সালমান। জবাবে জ্যাকুলিনকে উদ্দেশ করে খান সাহেব বলেন, ‘আমি ঠিক তাঁর মতোই মেয়ে চাই আমার জীবনে।’