জ্যোতি বসুকে বাদ দিয়ে বিতর্কে প্রসেনজিৎ
২৬ আগস্ট ছিল মাদার তেরেসার ১১১তম জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদার তেরেসার সঙ্গে তোলা পুরোনো একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর থেকেই শুরু হয়েছে শোরগোল। কী ছিল সেই ছবিতে?
নেটিজেনদের দাবি, আসল ছবিতে প্রসেনজিতের পাশেই ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়। আর মাদার তেরেসার এক পাশে বসে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ছবি থেকে তাঁদের কেটে বাদ দিয়ে ছবিটা পোস্ট করেছেন প্রসেনজিৎ। ২৬ আগস্ট থেকেই এই নিয়ে শুরু হয় ট্রল।
আলোচনা–সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে আসল ছবিটি আবার পোস্ট করে এই অভিনেতা লিখেছেন, ‘আমি সাধারণত ট্রলের জবাব দিই না। কিন্তু এইবার দেওয়াটা দরকারি মনে হলো। কারণ, আলোচ্য ছবিটা এমন কিছু মানুষকে জড়িয়ে, যাঁদের আমি ভীষণ সম্মান করি।’
ছবিটি থেকে থেকে তাঁদের কেটে বাদ দেওয়া হয়েছে কি না, এ প্রশ্নে তিনি আরও লেখেন, ‘প্রথমত, আমি ছবিটি ক্রপ করিনি। এটা আমাকে পাঠানো (ফরোয়ার্ড) হয়েছিল। অনেক আগেই আমি ছবিটি পেয়েছিলাম। মাদার তেরেসার জন্মবার্ষিকীতে এটা শেয়ার করার কথা ভেবেছিলাম।
দ্বিতীয়ত, মাদার তেরেসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া সেই পোস্ট দেওয়ার পেছনে অন্য আর কোনো উদ্দেশ্য ছিল না।
শেষ কথা, ট্রলে যেমনটা বলা হচ্ছে, তার বিপরীতে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, রাজনৈতিক কোনো ব্যক্তির সঙ্গে কোনো ছবি কেউ শেয়ার করলে তার মানে এই না যে সে কোনো দলের সঙ্গে যুক্ত বা কোনো দলকে অপছন্দ করে এবং সে কারণেই আমি ছবিটির আনক্রপড সংস্করণ সংযোজন করছি।’
সব শেষে তিনি লিখেছেন, ‘খুব খারাপ একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দুনিয়া। আসুন, অপ্রয়োজনীয় বিদ্বেষ না ছড়িয়ে বরং দয়া ছড়াই।’
এমন স্ট্যাটাস দেওয়ার পরও অনেকে তির্যক মন্তব্য করতে ছাড়ছেন না। সব্যসাচী দে নামের একজন লিখেছেন, জ্যোতি বসুর কাছে বুম্বাদার ক্ষমা চাওয়া উচিত। সুমিত সেনগুপ্ত নামে একজন লিখেছেন, ‘প্রসেনজিৎ বাবু, একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরও মিথ্যা বলছেন।’
তবে অনেকেই প্রসেনজিতের পাশে রয়েছেন। মলয়াংশু নামের একজন মন্তব্য করেছেন, ‘বুম্বাদা, এদের বেশি পাত্তা দেবেন না। মাদার তেরেসাকে শ্রদ্ধা জানানোর জন্য মাদারের ছবিই যথেষ্ট, আর কারও ছবি থাকা সেখানে বাতুলতা।’