জয়ার ছবি দিয়ে খুলছে কলকাতার প্রেক্ষাগৃহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী জয়া আহসান
ছবি: ইনস্টাগ্রাম

বাংলাদেশের জয়া আহসান অভিনীত ছবি বিনিসুতোয় দিয়ে পুনরায় খুলছে কলকাতার প্রেক্ষাগৃহ। ২০ আগস্ট থেকে ছবিটি নন্দন–১–এ দেখা যাবে। গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক অতনু ঘোষ। ছবিটির কাজ ২০১৯ সালে শেষ হয়েছিল। কিন্তু করোনার কারণে এত দিন আটকে ছিল মুক্তি। গত রাতে প্রকাশিত হয় ছবিটির ট্রেলার।

জয়া আহসান অভিনীত ছবি বিনিসুতোয় দিয়ে পুনরায় খুলছে কলকাতার প্রেক্ষাগৃহ
ছবি: ইনস্টাগ্রাম

পরিচালক অতনু ঘোষ প্রথম আলোকে বলেন, ‘যে ছবিকে ঘিরে নানা জল্পনাকল্পনা ও দর্শক–আগ্রহ আছে, সে ছবি দেখতে দর্শক আসবেই। তা ছাড়া আমাদেরও তো একটু ঝুঁকি নিয়ে আগ বাড়িয়ে এগিয়ে আসতে হবে। ছবির বাজারটাকেও তো চাঙা করতে হবে।’

বিনিসুতোয় ছবির একটি দৃশ্যে জয়া ও ঋত্বিক

ত্রিশোর্ধ্ব শ্রাবণী ও কাজলকে নিয়ে বিনিসুতোয় ছবির গল্প। একটি রিয়েলিটি গেম শোর অডিশনে তাদের পরিচয়। দুজনের জীবনের গল্পে বেশ কিছুটা মিল থাকায় দ্রুত পরস্পরের সঙ্গে মিশে যান তারা। কিন্তু এরই মধ্যে এক দুর্ঘটনায় আহত হন শ্রাবণী, তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান কাজল। চিকিৎসকের কাছে যাওয়ার পথে তারা একে অপরের সঙ্গে নিজেদের জীবনের ঘাত–প্রতিঘাতের গল্প ভাগাভাগি করেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ। সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন জয়া।

অতনু ঘোষের রবিবার-এ প্রসেনজিতের বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন জয়া আহসান
ছবি: ইনস্টাগ্রাম

অতনু ঘোষের রবিবার-এ প্রসেনজিতের বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন জয়া আহসান। পেয়েছেন একাধিক পুরস্কার।