ঝুমকা খুঁজতে না ফেরার দেশে সাধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধনা
সাধনা

ভারতীয় পুরোনো ছবির খবর যারা রাখেন, অভিনেত্রী সাধনাকে তাঁরা অবশ্যই চিনবেন। আজও চায়ের দোকান থেকে শুরু করে সাধনার অভিনয়ে বিখ্যাত হয়ে ওঠা সেই ‘ঝুমকা গিরা রে, বরেলি কে বাজার মে’ গানটি সবখানেই বাজে। কিংবা ‘আজা আয়ে বাহার’ গানটি বাজলে ছবির মতো সুন্দর যে অভিনেত্রীর মুখটি চোখে ভেসে উঠত; গতকাল শুক্রবার সকালে সেই তিনিই সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে।
মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে গতকাল শুক্রবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ষাটের দশকের বলিউডের তারকা অভিনেত্রী সাধনা। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সাধনা। বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, এ অভিনেত্রীর মুখে ক্যানসার ধরা পড়েছিল। গত বছর অস্ত্রোপচারও করা হয়।
১৯৪১ সালের ২ সেপ্টেম্বর করাচি শহরে জন্মগ্রহণ করেছিলেন সাধনা শিবদাসানি। ষাট ও সত্তরের দশকে মুম্বাইয়ের চলচ্চিত্র দুনিয়ার অন্যতম সাড়া জাগানো নায়িকা ছিলেন তিনি। ষাটের দশকের শুরুতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন সাধনা। রাজ কাপুরের ‘শ্রী ৪২০’ ছবির কল্যাণে রুপালি পর্দায় প্রথম দেখা মেলে তাঁর। তবে, নায়িকার ভূমিকায় নয়, এ ছবির ‘মুড় মুড় কে না দেখ’ গানটিতে কোরাসে ছিলেন তিনি। মাত্র পনেরো বছর বয়সে ছায়াছবির জগতে প্রবেশ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। প্রায় ৩৫টি ছবিতে অভিনয় করেছেন। ‘পরখ’, ‘আসলি-নকলি’, ‘এক মুসাফির এক হাসিনা’, ‘মেরে মেহেবুব’, ‘মেরা সায়া’, ‘ইন্তেকাম’, ‘এক ফুল দো মালি’, ‘গীতা মেরে নাম’, ‘লাভ ইন সিমলা’, ‘প্রেমপত্র’, ‘রাজকুমার’, ‘আপ আয়ে বাহার আয়ি’, ‘হাম সব চোর হ্যায়’, ‘ছোটে সরকার’-এর মতো ছবি গুলিতে তাঁর অসাধারণ প্রাঞ্জল অভিনয় চিরদিনের জন্য দাগ কেটে গেছে দর্শকের মনে।

সেসময় শুধু ভালো ছবি করেই দর্শক মনে দাগ কাটেননি সাধনা। তাঁর নিজস্ব হেয়ার স্টাইল এখনকার প্রজন্মের কাছেও ‘সাধনা কাট’ হিসেবে যথেষ্ট জনপ্রিয়। টাইমস অব ইন্ডিয়া। ইন্ডিয়ান এক্সপ্রেস।