টাইগারের গার্লফ্রেন্ড নেই!

কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল টাইগার শ্রুফ ছুটি কাটাচ্ছেন বান্ধবী দিশা পাতানির সঙ্গে। এ গুঞ্জনে নাকি হেসেই কুটিকুটি টাইগার মহাশয়। এবার স্রেফ জানিয়ে দিলেন, কোনো বান্ধবীই নেই তাঁর! দিশা পাতানি কেবল তাঁর সহ-অভিনয়শিল্পী।
টাইগার বলেন, ‘গুঞ্জন সত্যি হলে সৌভাগ্যবান মনে করতাম নিজেকে। আমি কোনো ছুটি কাটাইনি আর আমার কোনো বান্ধবীও নেই। আমি মুম্বাইয়ে “মুন্না মাইকেল” ছবির মহড়া করছি। বান্ধবীর সঙ্গে প্রেম করার সময় কই? আমার জীবনে একটাই “দিশা”—কাজ, কাজ এবং কাজ। হ্যাঁ, দিশা আর আমি একসঙ্গে কফি খেয়েছি এবং আমাদের নাচ ও স্ট্যান্ট শিখেছি। এটা কিন্তু এইটুকুতেই সীমাবদ্ধ। কিন্তু আমি এই গুঞ্জনে কিছু মনে করিনি। এটা আমার একটু প্রচার হলো।’
‘মুন্না মাইকেল’ ছবিতে টাইগারকে মাইকেল জ্যাকসনের একজন দারুণ ভক্ত হিসবে দেখা যাবে। টাইগার বলেন, ‘আমি সব সময়ই মাইকেলের একজন একনিষ্ঠ ভক্ত। আমি তাঁর নাচ নকল করে বড় হয়েছি। সুতরাং, তাঁর ভক্তের চরিত্র করা আমার জন্য সহজ হবে।’
টাইগারের কাছে মাইকেল জ্যাকসন নাচেরও একজন গুরু সমতুল্য। ২০১৪ সালে তাঁর সম্মানে একটি নাচের ভিডিও ছেড়েছিলেন। টাইগার বলেন, ‘এই ভিডিওতে আমি মাইকেলের কাছে আমার ঋণ স্বীকার করেছি। সেখানে আমি মাইকেলের গান “বিলি জিনস”-এর সঙ্গে “হিরোপান্তি” সিনেমার নিজের গান “হুইসেল বাজ” মিলিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। এভাবেই আমি মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।’
হিন্দুস্তান টাইমস