টাকা কুড়োচ্ছে দিলওয়ালে, 'বাজিরাও' প্রশংসা

মুক্তির পর তিন দিন পেরিয়েছে বলিউডের দুই বড় বাজেটের ছবি ‘দিলওয়ালে’ ও বাজিরাও মাস্তানি’। বক্স অফিসের সাফল্য ছুঁতে এই দুই ছবির যে হাড্ডাহাড্ডি লড়াই; তাতে একে অপরের ঘাড়ে শ্বাস ফেললেও আয়ের দিক থেকে এখনো পর্যন্ত এগিয়ে আছে ‘দিলওয়ালে’। যদিও সিনেমা হল থেকে ছবি দেখে ঘরে ফেরা দর্শকেরা কিন্তু প্রশংসা করছেন বাজিরাও মাস্তানিরই।
মুক্তির দ্বিতীয় দিনে আয় কিছুটা হলেও বেড়েছে ‘বাজিরাও মাস্তানি’ ছবির। আবার, প্রথম ও দ্বিতীয় দিনের আয়ের হিসাবে ‘দিলওয়ালে’ ছবিটি আয় করেছে ৪১ কোটি রুপিরও কিছুটা বেশি। এ ক্ষেত্রে ‘বাজিরাও মাস্তানির আয় দুই দিনে ২৮ কোটি ৩২ লাখ রুপি।
যদিও মুক্তির প্রথম দিনে ‘বাজিরাও মাস্তানি’ ছবি আয় করেছিল ১২ কোটি ৮০ লাখ রুপি। দ্বিতীয় দিনে এ ছবির আয় বেড়ে দাঁড়িয়েছিল ১৫ কোটি ৫২ লাখ রুপি।
এ প্রসঙ্গে চলচ্চিত্রের বাজারবিশ্লেষক তরণ আদর্শ খুদে ব্লগসাইট টুইটারে এক টুইট বার্তায় লিখেছেন, ‘শনিবারে ‘বাজিরাও মাস্তানি’ ছবির বাজার বেশ চাঙা হয়ে উঠেছে। এরপর তরণ লিখেছেন, প্রথম দিনের আয় ছিল ১২ কোটি ৮০ লাখ রুপি। দ্বিতীয় দিনে এ ছবির আয় বেড়ে হয়েছিল ১৫ কোটি ৫২ লাখ রুপি। দুই দিনে এ ছবি আয় করেছে ২৮ কোটি ৩২ লাখ রুপি।
যদিও দুই দিনের আয়ের হিসাবে ‘দিলওয়ালে’ ‘বাজিরাও’ থেকে অনেক এগিয়ে। ‘দিলওয়ালে’ দুই দিনে আয় করেছে ৪১ কোটি রুপিরও কিছুটা বেশি। কিন্তু চলচ্চিত্র সমালোচক এবং দর্শকেরা ছবি হিসেবে এগিয়ে রাখছেন বাজিরাও মাস্তানি ছবিটিকেই।
‘বাজিরাও মাস্তানি’ ছবিতে রণবীর সিংয়ের অভিনয়ের প্রশংসা সবাই মুখে মুখে ফিরছে। অসাধারণ অভিনয় নৈপুণ্য আর চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার ক্ষেত্রে রণবীর সত্যিই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এ প্রসঙ্গে ভারতের এনডিটিভিতে চলচ্চিত্র সমালোচক শৈবাল চ্যাটার্জি বলেছেন, ‘বাজিরাও মাস্তানি’ আসলে হয়ে উঠেছে রণবীর সিংয়ের ছবি। এ ছবির ‘বাজিরাও’ চরিত্রের সঙ্গে মিশে যেতে যে অকল্পনীয় কঠিন শ্রম দিতে হয়েছে; তা ছবি দেখে খুব স্পষ্টই বোঝা গেছে।
বাজিরাও মাস্তানি ছবিতে রণবীর সিং অভিনয় করেছেন মারাঠি বীর সেনাপতি পেশওয়া বাজিরাও এর চরিত্রে। আর তাঁর স্ত্রী ‘কাশিবাঈ’ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। রণবীর সিংয়ের বাস্তবের প্রেমিকা দীপিকা পাডুকোণ এ ছবিতে বাজিরাওয়ের প্রেমিকা যোদ্ধা রাজকুমারী ‘মাস্তানি’র চরিত্রে অভিনয় করেছেন। এদিকে, ‘দিলওয়ালে’ ছবিতে কিং খান শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাঁর সবচেয়ে প্রিয় অভিনেত্রী কাজল। এ দুজনের চলচ্চিত্র রসায়ন অসাধারণ জনপ্রিয় সব ছবির জন্ম দিয়েছে। ‘দিলওয়ালে’ ছবিতে আরও অভিনয় করেছেন বলিউডের তরুণ তারকা বরুণ ধাওয়ান। বরুণের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন। এনডিটিভি।