টাকা চাই না, দূরে থাকো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাম্বার হার্ড ও জনি ডেপ
অ্যাম্বার হার্ড ও জনি ডেপ

অ্যাম্বার হার্ড চান না কেউ তাঁকে ভুল বুঝুক। জনি ডেপের বিরুদ্ধে তিনি যে নির্যাতনের অভিযোগ তুলেছেন, তিনি চান না কেউ ভাবুক সেটা টাকার জন্য করেছেন। বিষয়টি স্পষ্ট করে লিখিতভাবে আদালতকে জানিয়েছেন তিনি।
আদালতের কাছে বিচ্ছেদোত্তর অস্থায়ী সহায়তা চেয়ে যে আবেদন অ্যাম্বার করেছিলেন, তা সম্প্রতি তুলে নিয়েছেন তিনি। অ্যাম্বার হার্ডের আইনজীবী লিখিতভাবে তা আদালতকে জানিয়েছেন। আবেদনটির শুনানি হওয়ার কথা ছিল আগামী শুক্রবার। কিন্তু এখন অ্যাম্বার নিজেই সেই আবেদন বিচারের টেবিল থেকে তুলে নিলেন।
অ্যাম্বার বলছেন, তিনি শুধু সহায়তাটি চেয়েছিলেন এই ভেবে যে তাঁর ধারণা ছিল বিবাহবিচ্ছেদ–প্রক্রিয়ার একটি সাধারণ অংশ এটি। কিন্তু এখন নাকি এটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন জনি ডেপ ও তাঁর বন্ধুরা। এমনকি এই বিষয়টি মিডিয়ায় তুলে ধরে সুবিধা আদায়ের চেষ্টা চলছে। এমনটাই অভিযোগ অ্যাম্বারের।

লিখিতভাবে তিনি আদালতকে বলেছেন, ‘এটা আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, চেষ্টা চলছে ঘরোয়া নিপীড়নের এই গুরুত্বপূর্ণ বিষয়টি থেকে জনগণের আগ্রহ অন্যদিকে ঘুরানোর।’ তিনি দাবি করেন, গত বছর জনির উপার্জন ছিল তিন কোটি ডলার এবং তিনি বিশ্বাস করেন আদালত জনির কাছ থেকে এই সহায়তা বাবদ প্রতি মাসে প্রায় ১০ লাখ ডলার দিতে বলতেন।
তবে অ্যাম্বার কিন্তু এটাও স্পষ্ট করে বলছেন না যে তাঁর কোনো ধরনের সহায়তা লাগবে না। বিচ্ছেদের আদেশ জারি হওয়ার পরেও যেকোনো সময় যাতে তিনি এটি দাবি করতে পারেন, লিখিত আবেদনে সে ব্যবস্থা তিনি খোলা রেখেছেন।
সূত্র: টিএমজেড।