টাকা ফিরিয়ে দেননি রণবীর-দীপিকা!

‘তামাশা’ ছবির প্রযোজকদের নিজেদের পারিশ্রমিক থেকে ১৫ কোটি রুপি ফেরত দিয়েছেন রণবীর-দীপিকা—এমন খবরে ব্যাপক শোরগোল শুরু হয়েছিল বলিউডে। খবরটি অবাক করেছে এই তারকা জুটির ভক্তদেরও।
বক্স অফিসে ছবিটি আশানুরূপ সাফল্য না পাওয়ার কারণে প্রযোজকেরা যেন ক্ষতিতে না পড়েন, সে জন্যই রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন টাকা ফিরিয়ে দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছিল।
কিন্তু এ খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন ছবিটির সঙ্গে জড়িত দলটি। মিস মালিনি ডট কম দাবি করেছে, খবরটি পুরোপুরি অসত্য বলেই জানিয়েছেন ছবিসংশ্লিষ্টরা।
সূত্রটি জানিয়েছে, এই তারকা জুটি ছবির সাফল্য নিয়ে গর্বিত। কোনো প্রকার টাকাপয়সা ফিরিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। এমনকি সূত্রটি জানিয়েছে, এ ছবির প্রতি দর্শক ও বিচারকদের ভালোবাসায় রণবীর-দীপিকা মুগ্ধ। এ ছাড়া, টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে প্রকাশিত সব খবরই ভুয়া ও ভিত্তিহীন। টাইমস অব ইন্ডিয়া।