টিজার থেকেই বিতর্ক

পরিকল্পনার শুরু থেকেই আলোচনায় করণ জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। আজ যখন এ ছবির প্রথম ঝলক দেখা গেল, তখন আলোচনাগুলো বদলে গেল বিতর্কে। একদিকে রণবীর কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনের রসায়ন প্রশংসিত হচ্ছে বোদ্ধামহলে, অন্যদিকে ছবিটির সঙ্গে একটি হলিউড ও একটি বলিউড ছবির মিল খুঁজে পাওয়ার বির্তক উঠেছে।

আজ মঙ্গলবার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির টিজার প্রকাশ পায় ফেসবুক ও ইউটিউবে। টিজার মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকমহলে শুরু হয় গুঞ্জন। টিজারের কয়েকটি দৃশ্য নাকি যশ চোপড়া পরিচালিত ‘দুসরা আদমি’র কিছু অংশের সঙ্গে মিলে যায়। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ‘দুসরা আদমি’ ছবিতে অভিনয় করেছিলেন রণবীরের বাবা ঋষি কাপুর।

তা ছাড়া আরেক দল দর্শক দাবি করে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিজারে হলিউড ছবি ‘ক্লোজার’-এরও কিছু ছায়া রয়েছে। ২০০৪ সালে মুক্তি পাওয়া হলিউডের ওই ছবিতে অভিনয় করেছেন জুলিয়া রবার্টস, নাটালি পোর্টম্যান, জুড ল ও ক্লিভ ওয়েন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রডাকশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সব জটিলতা দূর করা হয়েছে। তারা তাদের ফেসবুক পেজে ভক্তদের তোলা এসব প্রশ্নের জবাবে বলেছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি অন্য কোনো ছবির অনুকরণ কিংবা রিমেক নয়।

তবে করণের নতুন এই ছবির গল্পটি যদি অন্য কোনো ছবি থেকে অনুপ্রেরণা পেয়েও থাকে, তাতে ভক্তদের আপত্তি নেই। গল্প আগে শোনা হলেও এ নির্মাতা যে তরতাজা নতুন জুটির রসায়ন পর্দায় তুলে ধরেছেন, তাতেই ঢের খুশি বলিউডপ্রেমীরা। রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুশকা শর্মা আর ফাওয়াদ খান একসঙ্গে এক ছবিতে—প্রথম ঝলকে এটুকুই দারুণ সাড়া ফেলেছে। তাই তো করণের কট্টর সমালোচক নির্মাতা রাম গোপাল ভার্মাও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রশংসা না করে পারলেন না। তিনি ছবিটিকে রীতিমতো প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন। হিন্দুস্তান টাইমস।
